সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা গ্রেপ্তার ৬
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে গতকাল শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকত এলাকা থেকে এক দালালসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে পুলিশ টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়ার ঝাউবাগান সৈকত এলাকায় অভিযান চালিয়ে এক দালালসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-২১ জন লোক পালিয়ে যায়। থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ অভিযানে নেতৃত্ব দেন। আটক ব্যক্তিরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী এলাকার আবুল কাশেম (৪২), ছৈয়দ আলম (৩৪), নুরুল হক (২৪), ছৈয়দুল ইসলাম (২২), আবুল কালাম (২৬) ও টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার তাজুর মুল্লুক (৩৫)। গ্রেপ্তার ব্যক্তিরা বলেন, মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে তাজুর মূল্লুক তাঁদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা করে অগ্রিম নেন। এরপর তাঁদের ছৈয়দ আলম মাঝি ও অলি হোসেন মাঝির ট্রলারে তুলে দেওয়ার জন্য সৈকতপাড়ের ঝাউবাগানে জড়ো করা হয়। ট্রলারে তুলে দেওয়ার আগে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।