সাগরপথে মালয়েশিয়া যাচ্ছেন নারীরাও ১৪ যাত্রী আটক
পুরুষের পাশাপাশি এবার সাগর পাড়ি দিয়ে স্বপ্নের মালয়েশিয়ায় যাচ্ছেন নারীরাও। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার খুরেরমুখ সৈকত দিয়ে ট্রলারে ওঠার সময় বিজিবির সদস্যরা এক নারীসহ ১৪ জনকে আটক করেন।নারী যাত্রী হচ্ছেন উপজেলার নীলা ইউনিয়নের মোছনী গ্রামের কামাল হোসেনের স্ত্রী সেতারা বেগম (৩০)। এ সময় বিজিবির সদস্যরা দুই দালাল উপজেলার সাবরাং ইউনিয়নের আলীরডেইল গ্রামের ফজলুল করিম ও সদর ইউনিয়নের পুরান পল্লানপাড়ার নজির আহমদকে আটক করেন।অপর ১১ যাত্রী হলেন: টেকনাফের নীলার আমির হোসেন (৩৫); সাবরাং আলীর ডেইলের দিল মোহামঞ্চদ (৩০), আয়ুব আলী (৩২), মকতুল হোসেন (৩৫), আবদুল আমিন (২৫) ও কবির আহমদ (২৭); রামু উপজেলার গোয়ালিয়া পালং গ্রামের আহমদ শরীফ (১৮), মো. জসিম (২২) ও জয়নাল উদ্দিন (১৭) এবং মিয়ানমারের দুই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মো. আমিন (১৮) ও মো. ছৈয়দ (৩৫)। সেতারা বেগম বলেন, ‘দুই বছর আগে আমার স্বামী কামাল হোসেন সমুদ্রপথে মালয়েশিয়ায় পৌঁছান। তিনি সেখানে সয়াবিনের বাগানে শ্রমিকের কাজ করছেন। আয়-রোজগারও ভালো। সেখানে পুরুষের পাশাপাশি নারীরাও চাকরি করছে। চাকরির জন্য ট্রলারে করে আমাকে নিয়ে যাচ্ছিলেন। দালাল নজির আহমদের হাতে ২৫ হাজার টাকা তুলে দিলে তিনি ট্রলারে ওঠানোর জন্য রাতে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ সৈকতে নিয়ে যান।’এ সময় বিজিবির সদস্যরা সেতারাসহ অন্যদের আটক করেন। আরও কিছু যাত্রী পালিয়ে যান।