সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, আটক ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় শুক্রবার রাতে ২৩ জনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের দক্ষিণপাড়া বাদামবনিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে দালালচক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।কোস্টগার্ড সূত্র জানায়, গত শুক্রবার রাত নয়টার দিকে সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনের সাব-লেফটেন্যান্ট এম এম মাসুদ সিকদারের নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ২৩ ব্যক্তিকে আটক করেন। তাঁদের মধ্যে ১৮ জন মিয়ানমারের নাগরিক। বাকি পাঁচজনের বাড়ি টেকনাফ, চকরিয়া ও পটিয়ায়।সাব-লেফটেন্যান্ট এম এম মাসুদ সিকদার বলেন, ‘দীর্ঘদিন ধরে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল। এ ব্যাপারে কড়া নজরদারি রাখায় এ অভিযানে সফলতা পাওয়া গেছে।’ আটক ব্যক্তিদের গতকাল শনিবার টেকনাফ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।আটক ব্যক্তিরা জানান, স্থানীয় দালালচক্রের সদস্য মো. কামাল, হামিদ ও সিরাজুল হকের মাধ্যমে তাঁরা মালয়েশিয়া যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। তাঁরা জানান, গত মঙ্গলবার রাতে চকরিয়া উপজেলার ছোয়াংখালী এলাকা থেকে তাঁরা মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারযোগে যাত্রা করেছিলেন। কিন্তু সেন্ট মার্টিন উপকূলে এসে ট্রলারটি বিকল হয়ে পড়ে। পরে মাঝি ট্রলারটি দ্বীপে ভেড়ান। এ সময় তাঁরা কোস্টগার্ডের হাতে ধরা পড়েন। তাঁরা জানান, ট্রলারে থাকা আরও প্রায় ৩০ জন পালিয়ে গেছেন। আটক ব্যক্তিরা জানান, জনপ্রতি ৫০ থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে তাঁদের মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা ছিল। এ জন্য তাঁরা দালালচক্রকে জনপ্রতি ২০ হাজার টাকা করে অগ্রিম দিয়েছেন। বাকি টাকা মালয়েশিয়ায় পৌঁছানোর পর দালালচক্রের লোকদের হাতে দেওয়ার কথা ছিল।টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কোস্টগার্ডের সদস্যরা মামলা করেছেন। আাাজ রোববার তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো করা হবে।