সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে আটক ১১
কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে ১১ জন যাত্রীকে আটক করেছে বিজিবি।বিজিবি সূত্র জানায়, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকত এলাকা দিয়ে গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে শাহপরীর দ্বীপ বিওপি (চৌকির) জওয়ানরা অভিযান চালিয়ে ১১ জন যাত্রীকে আটক করেন। আটককৃতদের মধ্যে একজন খুলনার এবং অপর ১০ জন যশোরের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ হেফাজতে থাকা আটককৃতরা জানান, যশোরের আজমপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে সবুজ হোছন তাঁদের কাছ থেকে ১০ হাজার টাকা করে অগ্রিম নিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে হাবিবুর রহমান এবং একই এলাকার ইবনে আমিনের ছেলে মো. ইলিয়াছের কাছে পাঠান। সোমবার রাতে আরও ১৫ থেকে ২০ হাজার টাকা আদায় করে জাহাজে উঠিয়ে দেওয়ার জন্য সৈকত এলাকায় নিয়ে গেলে বিজিবির হাতে তাঁরা ধরা পড়েন।