
কক্সবাজার শহর থেকে ৮৮ কিলোমিটার দূরে চকরিয়া উপজেলার বিএমচর গ্রাম। এই গ্রামের অনুশীলন একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্রী শারজিনা জান্নাত সকাল সাড়ে আটটায় মাকে নিয়ে হাজির কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। প্রচণ্ড গরমে খোলা মাঠের এক পাশে দাঁড়িয়ে শারজিনা প্রথম আলোকে বলে, ‘বাংলা আমাদের মায়ের ভাষা হলেও সব কথাতেই আমরা “হিন্দি” আর “ইংরেজি” শব্দের মিশেল ঘটাই। এটা বাঙালিদের জন্য লজ্জার ব্যাপার। এই ভাষা প্রতিযোগ কিছুটা হলেও সেই লজ্জা দূর করবে।’
শারজিনার মতো সাগর-নদী-পাহাড় ডিঙিয়ে সকাল সাড়ে আটটার মধ্যে টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, রামু, চকরিয়াসহ জেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫৭ জন শিক্ষার্থী হাজির সাগরপারে কক্সবাজার আঞ্চলিক ভাষা প্রতিযোগের উৎসবে। তাদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস আর মাতৃভাষা সম্পর্কে জানার প্রবল আকাঙ্ক্ষা।
সকাল নয়টায় কক্সবাজার বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের শুরু। জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন। আর ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক। এ সময় বেলুন উড়িয়ে উৎসবের শুভ সূচনা করেন অতিথিরা।
উদ্বোধনী বক্তব্যে রাম মোহন সেন বলেন, ‘আজ প্রথমবারের মতো কক্সবাজারে ভাষা প্রতিযোগ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জন্য এটা গৌরবের বিষয়। মানুষকে অন্য প্রাণী থেকে পৃথক করার মাধ্যম হচ্ছে ভাষা। আমরা বিভিন্ন কাজে, অনুভূতিতে নিজের ভাষাকে লালন করব। শুদ্ধ বাংলা চর্চার চেষ্টা করব।’
এরপর প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির সাত শতাধিক শিক্ষার্থী ৪০ মিনিটের ভাষা প্রতিযোগের লিখিত পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বটি পরিচালনা করেন ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফায়েজুন্নেছা। উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের প্রধান অরূপ কুমার ঘোষ ও এইচএসবিসির ব্যবস্থাপক (করপোরেট সাসটেইনেবিলিটি) আবদুল্লাহ আল জুবায়ের।
নানা ধরনের অসংখ্য প্রশ্ন করে শিক্ষার্থীরা এ পর্বটিকে আনন্দময় ও অর্থপূর্ণ করে তোলে। মঞ্চ থেকে অতিথিরা সযত্নে সব প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন করে পুরস্কার জিতে নেয় অনেকে।
উৎসবে কক্সবাজারের আঞ্চলিক ভাষায় পারিবারিক সম্পর্কের কথা তুলে হাস্যরসের সৃষ্টি করে কয়েকজন শিক্ষার্থী। স্বরচিত কবিতাও পড়ে শোনায় দুজন শিক্ষার্থী। পর পর তিনটি গান গেয়ে শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী সাব্বির।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, তোমাদের সব সময় চারটি ‘ম’কে ভালোবাসতে হবে। এগুলো হলো মা, মাতৃভূমি, মাতৃভাষা আর মানুষ। এ সময় শিক্ষার্থীরা হাত তুলে চার ‘ম’কে ভালোবাসার অঙ্গীকার করে।
সুমনা শারমীন বলেন, মুখস্থ, মিথ্যা আর মাদককে সব সময় ‘না’ বলতে হবে। বাবা, মা ও শিক্ষকদের সম্মান করতে হবে।
যারা পুরস্কার পেয়েছে: প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ৬০ জনকে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি বিভাগ থেকে ১৫ জন করে (পাঁচজন প্রথম, পাঁচজন দ্বিতীয় ও পাঁচজন তৃতীয়) এই পুরস্কার পায়। এর মধ্যে চার বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরাদের সেরা নির্বাচিত হয়েছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র উদয়ন পাল ধ্রুব।
ক বিভাগে প্রথম পাঁচজন: কক্সবাজার পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের জাহীন নজরুল, চকরিয়া অনুশীলন একাডেমির হাসনাইন বিল্লাহ, কক্সবাজার কেজি স্কুলের রাসমিইয়া সোহা, অনুশীলন একাডেমির সাইদুল ইসলাম, কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির মিজানুর রহমান।
খ বিভাগে প্রথম পাঁচজন: অনুশীলন একাডেমির মিশকাতুল ইসলাম, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের যারিন তাবাচ্ছুম, অনুশীলন একাডেমির নাফিসা মাহযাবীন, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সুদীপ্ত সেনগুপ্ত, অনুশীলন একাডেমির শামীম আশরাফ।
গ বিভাগে প্রথম পাঁচজন হলো: কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের উদয়ন পাল, আকিল মো. তাহসিন ও মো. ফারুক রশিদ, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তাসনিম নাওয়ার, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মোজাহেদুর রহমান।
ঘ বিভাগের প্রথম পাঁচজনের হলো: কক্সবাজার সরকারি কলেজের নিশাত নাওয়াল ইসলাম, ইশতিয়াক হাসান, স্বদেশ কর্মকার, দীপ্ত বিশ্বাস ও প্রত্যয় বড়ুয়া।
২২ মে নড়াইল, ২৩ মে বরিশাল, ২৬ মে রাজশাহী, ২৯ মে রংপুর ও ৫ জুন ঢাকায় আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে।