সাগরিকার দেবে যাওয়া সড়ক মেরামত হয়নি, যান চলাচল বন্ধ

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় গ্যাসের চাপে ক্ষতিগ্রস্ত সড়কে গতকাল বৃহস্পতিবার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের দেবে যাওয়া ও ফাটল ধরা অংশ মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন বলেছে, দ্রুত সড়কটি মেরামত করা হবে। নগরের ডিটি রোড হয়ে সাগরিকা এলাকায় যেতে এই পথটি ব্যবহার করা হয়। তবে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বাসসহ গণপরিবহনের রুট নয়।
গত বুধবার বিকেলে হঠাৎ বিকট শব্দে সাগরিকা মোড় থেকে হাক্কানি পেট্রলপাম্প পর্যন্ত প্রায় ১০০ ফুট সড়কের মধ্যে থাকা কালভার্টের স্ল্যাব নিচ থেকে কিছুটা ওপরে উঠে যায়। এতে সড়কের কোথাও ফাটল দেখা দেয় এবং কোথাও দেবে যায়। এ ঘটনায় দুই ব্যক্তি সামান্য আহত হন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলীরা বলছেন, কালভার্টের নিচে নালায় জমে থাকা ময়লা ও পানি থেকে সৃষ্ট গ্যাসের চাপের কারণে এ ঘটনা ঘটেছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, সাগরিকা মোড়ের দুর্ঘটনাস্থলটি ফিতা দিয়ে চিহ্নিত করা রয়েছে। চারজন পুলিশ ঘটনাস্থল পাহারা দিচ্ছে।
এই সড়কে সাধারণত অটোরিকশা ও রিকশা চলাচল করে। মাঝে-মধ্যে ট্রাক ও পিকআপ চলে।
পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বডুয়া বলেন, ‘রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মেরামত না হওয়া পর্যন্ত আমরা এটি বন্ধ রাখব। তত দিন বিকল্প রাস্তা দিয়ে ঘুরে যান চলাচল করবে।’ গতকাল সকালে ঘটনাস্থলে যান সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘যতটুকু দেখলাম তাতে বিস্ফোরণের কারণ আবর্জনা থেকে সৃষ্ট গ্যাস কি না, সেটি নিশ্চিত হতে পারিনি। কারণ নির্ণয়ে কোনো কমিটি করা যায় কি না, সে বিষয়ে মেয়র মহোদয়ের সঙ্গে আলাপ করে দেখব। প্রয়োজন হলে সিডিএর সঙ্গে সমন্বয় করে কাজটি করা যেতে পারে।’ তবে দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করা হবে বলে তিনি জানান।
গতকাল সকালেও ঘটনাস্থলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি প্রতিনিধিদল যায়। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, দুর্ঘটনার কারণের সঙ্গে পাইপলাইনের গ্যাসের সম্পর্ক না থাকার বিষয়ে তাঁরা বুধবারই নিশ্চিত ছিলেন। তারপরও গতকাল ঘটনাস্থলে গিয়ে আবারও পরীক্ষা করেছেন তাঁরা।
আহত নাছির বলেন, ‘বিকেলের দিকে গ্যাসের গন্ধ পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ঘটনা কী বোঝার চেষ্টা করছিলাম। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে কালভার্টটি অনেক জোরে শব্দ করে নিচ থেকে কিছুটা ওপরে উঠে যায়। আমি সরে যাওয়ার আগেই আগুনের হলকায় আমার চুল ও হাতের চামড়া পুড়ে যায়। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী ছিল না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক দেবাশিস পালিত বলেন, ঘটনাস্থল না দেখে নিশ্চিত করে বলা যাবে না, এটি মিথেন গ্যাসের কারণে হয়েছে কি না। কিন্তু দীর্ঘদিন ধরে বদ্ধ জলাভূমিতে ময়লা-আবর্জনা পচে মিথেন গ্যাস তৈরি হয়, সেগুলো বের হওয়ার জায়গা না পেলে চাপের কারণে বিস্ফোরণ ঘটতে পারে।