সাগরে অর্ধশত ট্রলারে ডাকাতি, ৫০ জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে ইলিশ মাছ ধরার অর্ধশতাধিক ট্রলারে ডাকাতি হয়েছে বলে জানা গেছে। দস্যুরা এসব ট্রলার থেকে মাছ, জ্বালানি তেল, ইঞ্জিনসহ কোটি টাকার মালামাল লুট করেছে এবং প্রতিটি ট্রলার থেকে একজন করে অন্তত ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। তাঁদের মুক্তিপণ হিসেবে দেড় কোটি টাকা দাবি করেছে অপহরণকারীরা।
ঘটনার শিকার জেলেদের দাবি, বনদস্যু জাহাঙ্গীর বাহিনী এ ঘটনা ঘটিয়েছে। তবে সুন্দরবনে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কর্মকর্তারা গতকাল বিকেল পর্যন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেননি।
বাগেরহাট সদর ও শরণখোলা উপজেলা এবং বরগুনার মহিপুর এলাকার মৎস্যজীবী নেতা, ঘটনার শিকার জেলে ও ট্রলারমালিকেরা জানিয়েছেন, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ভোররাতে শক্তিশালী দুটি ফিশিং বোটে করে সুন্দরবনসংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকায় পৌঁছায়। এরপর তারা অস্ত্রের মুখে ট্রলারের মাঝিদের অপহরণ ও মালামাল লুট করে। এ সময় বেশ কয়েকটি ট্রলার দস্যুদের হাত থেকে পালাতে সক্ষম হয়।
শরণখোলা উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, অর্ধশতাধিক মাঝিকে অপরহণ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এর মধ্যে শরণখোলার রায়েন্দা বাজারের তহিদুল তালুকদারের মলিকানাধীন ট্রলার এফবি মাজানের মাঝি ধলু মোল্লা, একই এলাকার আ. হাইয়ের এফবি আল্লাহর দান ট্রলারের মাঝি জামাল ও রাজৈর গ্রামের আনোয়ার মিয়ার একটি ট্রলারের একজন মাঝি রয়েছেন।
মহিপুর আড়তদার সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, তাঁদের এলাকার পাঁচটি ট্রলারে ডাকাতির খবর তাঁর কাছে এসেছে। প্রতিটি ট্রলারের একজন জেলেকে অপহরণ করা হয়েছে।
বাগেরহাট জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি আজিজুর রহমান জানান, তাঁদের সমিতির বাচ্চু মিঞার এফবি মামা-ভাগ্নে ট্রলার থেকে মাঝি জয়নালকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। কোস্টগার্ডের পশ্চিম জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার মুফতি মাহামুদ ও র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী পৃথকভাবে জানান, ফেয়ারওয়ে বয়া এলাকায় বৃহস্পতিবার ভোররাতে কোনো ডাকাতির খবর তাঁরা পাননি। কোস্টগার্ডের কচিখালী ক্যাম্পের ইনচার্জ পেটি অফিসার হুমায়ুন কবিরও এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।