সাগরে আবার ঝাঁকে ঝাঁকে লাল কোরাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপকূলে আবার ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে লাল কোরাল। এতে জেলেরা খুশি হলেও বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কের কথা। তাঁদের মতে, গভীর সমুদ্রে পরিবেশ বিপর্যয় বা কোনো রাক্ষুসি প্রাণীর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় লাল কোরাল ঝাঁক বেঁধে উপকূলের দিকে ছুটে আসছে।স্থানীয় জেলেরা জানান, গতকাল রোববার সকালে জেলার উখিয়া উপজেলার মনখালী সৈকতে তিন জেলের জালে চার হাজারের বেশি লাল কোরাল ধরা পড়ে। এর আগের দিন শনিবার টেকনাফের বাহারছড়া উপকূলে ফরিদ আলমের জালে ধরা পড়ে এক হাজারের বেশি লাল কোরাল।টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামের জেলে ফরিদ আলম (৪০) জানান, সকাল ১০টার দিকে উপকূলের কাছাকাছি মাছ ধরার সময় হঠাৎ তাঁর নজরে পড়ে কোরালের বিশাল ঝাঁক। তাড়াহুড়ো করে তিনি জাল ফেলে আধা ঘণ্টার মধ্যে ধরে ফেলেন এক হাজার ৩০টি লাল কোরাল। প্রতিটির ওজন তিন থেকে পাঁচ কেজি। এই মাছ বিক্রি করে তিনি অনেক টাকা পেয়েছেন। এর আগে গত ২২ ও ২৩ ডিসেম্বর টেকনাফ ও উখিয়া উপকূলে ধরা পড়ে প্রায় আট হাজার লাল কোরাল।২৪ বছর ধরে সাগরে মাছ ধরছেন মহেশখালীর কুতুবজোমের জেলে আবদুল কাদের (৫৬)। তিনি জানান, লাল কোরাল গভীর সাগরের মাছ। মাঝেমধ্যে ডুবাজালে হাতে গোনা দুই-চারটি লাল কোরাল ধরা পড়ে।আবদুল কাদের বলেন, ‘গত দুই বছরে টেকনাফ ও উখিয়ার উপকূলের শুধু কয়েকটি জায়গায় ঝাঁকে ঝাঁকে লাল কোরাল ধরা পড়ছে। সাগরের অন্য স্থানে পাওয়া যাচ্ছে না। হঠাৎ লাল কোরাল ধরা পড়ার খবর পাওয়ার পর আমরাও সাগরে নেমে পড়ি, কিন্তু কোথাও এই মাছ খুঁজে পাওয়া যায় না।’কক্সবাজারে বাংলাদেশ সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহাব উদ্দিন জানান, ‘রেড স্ন্যাপার’ প্রজাতির মাছকে স্থানীয় ভাষায় লাল কোরাল বা লাল চৌক্কা বা রাঙা চোইক্কা বলা হয়। এটি গভীর সমুদ্রের মাছ। তবে ঝাঁক বাঁধার সময় পানির কিছুটা উপরিস্তরে বা উপকূলের কাছাকাছি চলে আসে। এই মাছের ঝাঁক বাঁধার অন্যতম কারণ হচ্ছে, প্রাকৃতিক প্রতিরক্ষা কৌশল। দেখা গেছে, সাগরে যখন বড় রাক্ষুসি প্রাণীর বিচরণ বাড়ে বা পরিবেশগত বিপর্যয় দেখা দেয়, তখনই এই মাছ প্রতিরক্ষা কৌশল অবলম্বন করে ঝাঁক বাঁধে।শাহাব উদ্দিন জানান, সম্প্রতি উপকূলের দিকে ঝাঁক বেঁধে চলে আসার পেছনে সাগরে কোনো রাক্ষুসি প্রাণীর প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এ ছাড়া মিয়ানমার সম্প্রতি গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য খননকাজ শুরু করেছে। এ কারণেও ভীতসন্ত্রস্ত হয়ে লাল কোরাল ঝাঁক বেঁধে উপকূলের দিকে ছুটে আসতে পারে।