সাগরে আরও দুই জেলে গুলিবিদ্ধ
বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে এফবি মায়ের দোয়া ট্রলারের জাফর আকন ও জাকির খান নামের আরও দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। ২০ থেকে ২২ জন সশস্ত্র দস্যুর হামলায় গত শনিবার রাত সাড়ে সাতটার দিকে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জাফর আকন (২৬) বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা গ্রামের সানু আকনের ছেলে ও জাকির খান বরগুনা সদর উপজেলার গাজী মাহামুদ গ্রামের আবদুস ছত্তার খানের ছেলে। গুলিবিদ্ধ ওই দুই জেলেকে গত রোববার রাত ৮টায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি প্রত্যক্ষদর্শী আবদুর রহিমের উদ্ধৃতি দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বলেন, পাথরঘাটা থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে এফবি মায়ের ট্রলার নোঙর করে মাছ ধরছিল জেলেরা। এ সময় দস্যুরা হামলা করে।
বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় ওই একই দিন শনিবার রাত ১০টার দিকে জলদস্যুর গুলিতে গুলিবিদ্ধ হন এফবি জাকিয়া ট্রলারের মাঝি নাসির হোসেন।