সাগরে আশানুরূপ ইলিশ মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই মাস আগে ইলিশের মৌসুম শুরু হলেও দক্ষিণ বঙ্গোপসাগর ও উপকূলের নদ-নদীতে ইলিশ তেমন ধরা পড়ছে না। এতে উপকূলের লাখো জেলে ও মৎস্য ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন।
জেলে ও ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিকভাবে ইলিশের মৌসুম হচ্ছে সাড়ে চার মাস (জ্যৈষ্ঠের ১৫ থেকে আশ্বিন পর্যন্ত)। ইতিমধ্যে প্রায় আড়াই মাস চলে গেছে। ভাদ্র ও আশ্বিনে সাগর উত্তাল থাকবে। তখন জেলেরা গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারবেন না।
অন্তত ১৫ জন জেলে ও মাঝি, ট্রলারের মালিক এবং পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটশ্রমিক প্রথম আলোকে বলেন, এই ভরা মৌসুমে গভীর সাগরে কিছু ইলিশ ধরা পড়ছে। কিন্তু গভীর সাগরে যেতে আর্থিক ব্যয় ও সময় দুটোই বাড়ছে। জীবনের ঝুঁকি তো রয়েছেই।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহৎ এই মৎস্য অবতরণ কেন্দ্রে চলতি মাসের প্রথম ৮ দিনে ২১০ মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছে, যা খুবই হতাশাজনক। অথচ ইলিশের এই ভরা মৌসুমে এ সময়ে ৮০০ মেট্রিক টনের মতো মাছ বিক্রি হওয়ার কথা। কেন্দ্রের নথি ঘেঁটে দেখা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে ৫ হাজার মেট্রিক টন মাছ কেনাবেচা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ৪ হাজার মেট্রিক টন। ২০১৫-১৬ অর্থবছরে এর পরিমাণ ৩ হাজার ৫০০ মেট্রিক টন।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার মো. সোলায়মান শেখ বলেন, ইলিশ দিনে দিনে নদী থেকে সাগরে, সাগর থেকে গভীর সাগরে চলে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তনকেই এর কারণ বলে ধারণা করা হচ্ছে।
গত ২৬ জুলাই ঘাটে নোঙর করা এফবি খান জাহান ট্রলারের জেলে জামাল হোসেন বলেন, ‘গভীর সাগর থেকে দেড় দিন ট্রলার চালাইয়্যা এই ঘাটে মাছ বিক্রি করতে আইছি। যে মাছ পাইছি, হ্যাতে তেল খরচ উঠব না।’
জেলে আলমগীর হোসেন বলেন, ‘হারাদিন ঘাটে বইয়্যা কাটাই, বাড়িও যাই না। যামু ক্যামনে, বাড়ি গ্যালে বউ-পোলাপানের লাইগ্যা বাজার-সওদা নেওন লাগে। মহাজনের কাছ থাইক্যা বহু টাকা দাদন আইন্না সাগরে গেছিলাম, কিন্তু যে মাছ পাইছি, তা দিয়া ত্যাল (জ্বালানি) আর খাওন খরচাও ওঠে নাই। কী যে করমু কইতে পারি না।’
সাগর থেকে সম্প্রতি ফিরে আসা এফবি তরিকুল নামের একটি ট্রলারের মাঝি এমাদুল হক বলেন, তিনি ভেবেছিলেন গত বছরের তুলনায় এবার বেশি ইলিশ পাওয়া যাবে। তাই তিনি ১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় করে সাগরে গিয়েছিলেন। কিন্তু ইলিশ না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাঁকে। অন্য মাছ পেয়েছেন, তা বিক্রি করেছেন মাত্র পাঁচ হাজার টাকায়।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সগীর আলম বলেন, ইলিশ ধরা না পড়ায় ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, ইলিশ মৌসুমে এবার দক্ষিণাঞ্চলের মৎস্য ব্যবসায়ীরা এ খাতে প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি করেছেন। এখন সবাই দুশ্চিন্তা করছেন।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশের মোট মৎস্য উৎপাদনের ১২ ভাগ আসে ইলিশ থেকে, যার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ কোটি টাকা। জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশ। দেশের প্রায় ৫ লাখ জেলে ইলিশ আহরণের সঙ্গে সরাসরি যুক্ত।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন সুলতান মাহমুদ বলেন, সিডর ও আইলার পর উপকূলের সামগ্রিক জলবায়ুর গতি-প্রকৃতি ও সামুদ্রিক প্রতিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। ঋতুর পরিবর্তন হয়েছে। ইলিশের প্রজননেও বিরাট পরিবর্তন এসেছে। তবে ভারী বর্ষণ শুরু হলে ইলিশের প্রাচুর্য বাড়তে পারে।