সাগরে ইলিশের দেখা মিলছে না, চড়া দামে বিক্রি হচ্ছে লইট্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কয়েক হাজার জেলে সাগরে তন্নতন্ন করে খুঁজেও ইলিশের নাগাল পাচ্ছেন না। এতে হতাশ হয়ে পড়ছেন ট্রলারমালিকেরা। ছয়-সাত দিন পর গতকাল কিছু ট্রলার নুনিয়াছটা ঘাটে ফিরে এসেছে; ইলিশের বদলে কিছু লইট্যা মাছ নিয়ে এসেছেন তাঁরা। আর সেই লইট্যা শহরের বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে চড়া দামে।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের নুনিয়াছটা ফিসারিঘাটে গিয়ে দেখা গেছে, পাঁচটি ট্রলার সাগরে থেকে সবেমাত্র ঘাটে ভিড়েছে। এসব ট্রলারে কোনো ইলিশ নেই। ব্যবসায়ীরা এসব ট্রলার থেকে বিপুল পরিমাণ লইট্যাসহ কিছু হাঙরের বাচ্চা কিনে নিচ্ছেন।এফবি কাজল ট্রলারের জেলে নবী হোসেন (৩৭) বলেন, ‘ছয় দিন আগে ইলিশ ধরার জন্য এই ট্রলার নিয়ে সাগরে নেমেছিলাম। সাগরের কুতুবদিয়া থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকায় গত পাঁচ দিন তন্নতন্ন করে খুঁজেও ইলিশের নাগাল পাইনি। এই পাঁচ দিনে ইলিশের বদলে জালে ধরা পড়েছে বেশ কিছু লইট্যা আর হাঙর। এসব বিক্রি করে নাস্তার খরচও উঠছে না। ঈদে ছেলেমেয়েদের জামা-কাপড় কোত্থেকে কিনে দেব, ভেবে পাচ্ছি না।’এফবি আল্লাহরদান ট্রলারের জেলে সৈয়দ করিম (৪৫) জানান, আগে সাগরের ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে গিয়ে জাল ফেললেই ধরা পড়ত ইলিশসহ নানা জাতের মাছ। কয়েক বছর সাগরে তেমন মাছ পাওয়া যাচ্ছে না। এর কারণ অনুসন্ধানের কেউ নেই।কক্সবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মঈনুদ্দিন আহমদ বলেন, ‘২১ বছর ধরে সামুদ্রিক মাছের জরিপ অনুসন্ধান বন্ধ রয়েছে। মাছের মজুদ ও অভয়ারণ্য অনুসন্ধানের জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় কেনা হচ্ছে দুটি অত্যাধুনিক জাহাজ। তাই এ মুহূর্তে সমুদ্রের মাছের অভয়ারণ্য সম্পর্কে বলতে পারছি না।’গত সোমবার সন্ধ্যায় শহরের বিমানবন্দর সড়কে কালামিয়া বাজারে গিয়ে দেখা গেছে, লইট্যা মাছ কেনার জন্য লোকজন হুমড়ি খেয়ে পড়ছে। এর কারণ জানতে চাইলে শহরের বাজারঘাটার ব্যবসায়ী মমতাজুল ইসলাম (৫৫) বলেন, ‘বাজারে ভালো কোনো মাছ নেই; তাই এই লইট্যা কিনছি। নইলে রাতে রোজা রাখাও হবে না।’কক্সবাজার জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘গত কয়েক দিন ধরে পাঁচ-ছয় হাজার জেলে সাগরে নেমে ইলিশের নাগাল পাচ্ছেন না। এ রকম মাছের আকাল আগে কখনো দেখা যায়নি। গত বছরের এই সময়ে ফিসারিঘাট থেকে দৈনিক ৫০ থেকে ৮০টি ট্রাক ইলিশ চট্টগ্রাম, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ দেওয়া হয়েছে। আর এখন দিনে এক ট্রাকও সম্ভব হচ্ছে না। ইলিশের বদলে এখন ঢাকায় লইট্যা পাঠানোর চেষ্টা করছি।’