সাগরে উদ্ধার 'বাংলাদেশি'দের ফেরত পাঠাবে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার বলছে, গত শুক্রবার তারা যে ২০০ ‘বাংলাদেশিকে’ সাগর থেকে উদ্ধার করেছে, তাঁদের শিগগিরই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাগরে ভাসতে থাকা মানুষগুলোর বেশির ভাগই বাংলাদেশি বলে দাবি করেছে অস্ট্রেলিয়া। ইন্দোনেশিয়ার বরাত দিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ দাবি করেন, সাগরে সাত হাজারের মতো মানুষ ভাসছে। এর মধ্যে ৩০ থেকে ৪০ ভাগ রোহিঙ্গা মুসলিম, অন্যরা বাংলাদেশি। খবর এএফপি ও ব্যাংকক পোস্টের।
সাগরে ভাসতে থাকা মানুষগুলোর বিষয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল শনিবার বলেছেন, এই মুহূর্তে ওই মানুষগুলোর জীবন বাঁচানোকেই ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেওয়া উচিত।
দ্য উইকেন্ড অস্ট্রেলিয়ান পত্রিকার সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিশপ বলেন, সাগরে কত মানুষ ভাসছে—সে সম্পর্কে একটি ধারণা নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির মতে, এমন মানুষের সংখ্যা সাত হাজারের মতো—যাঁদের অধিকাংশই বাংলাদেশি। এই বাংলাদেশিরা আশ্রয়প্রার্থী বা শরণার্থী নন, তাঁরা অবৈধ শ্রমিক। কাজ পাওয়ার আশ্বাসে কিংবা কাজের খোঁজে তাঁরা মালয়েশিয়ায় যেতে চান। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে গিয়ে বাংলাদেশিদের সঙ্গে মিশে বিশেষ করে চাকরির জন্যই মালয়েশিয়ায় যাচ্ছেন। তিনি জানান, ইন্দোনেশিয়ার বহুপাক্ষিক-বিষয়ক মহাপরিচালক হাসান ক্লেইব তাঁকে জানিয়েছেন, একটি নৌযানে ৬০০ মানুষের মধ্যে ৪০০ জনই বাংলাদেশি বলে স্বীকার করেছেন।
সাগরে ভাসতে থাকা মানুষগুলোর বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট শুক্রবার বলেন, এই মানুষগুলোকে আশ্রয় দেওয়া হলে তা হবে মানব পাচারকেই উৎসাহিত করা।
মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের পরিচালক জ তে গতকাল বার্তা সংস্থা এএফপিকে জানান, তাঁদের উদ্ধার করা ২০০ ‘বাংলাদেশিকে’ সব ধরনের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। এরপর তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ ব্যাপারে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও হয়েছে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, শিগগিরই তাদের একটি দল মিয়ানমার যাবে। টেকনাফ সীমান্ত পোস্টের মুখপাত্র মেজর আবু রাসেল সিদ্দিকী এএফপিকে বলেন, ‘আমাদের অধিনায়ক নিজেই সেখানে যাবেন। পুরো প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।’
বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র বলছে, বাংলাদেশ এটা নিশ্চিত হতে চায় যে মিয়ানমার যাতে ‘বাংলাদেশি’ বলে কোনো রোহিঙ্গাকে না পাঠিয়ে দেয়।
জাতিসংঘের মহাসচিব এই মানুষগুলোকে উদ্ধার করাকেই ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেওয়া উচিত উল্লেখ করে আশা প্রকাশ করেন, আঞ্চলিক দেশগুলো এই সংকটের ‘মূল কারণ’ মোকাবিলা করবে। চলতি মাসের শেষ দিকে থাইল্যান্ডে অনুষ্ঠেয় সম্মেলনে সেটা করতে পারবে দেশগুলো। ভিয়েতনামের রাজধানী হানয় সফরের সময় গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বান কি মুন এসব কথা বলেন। তিনি জানান, সম্প্রতি এই বিষয়টি নিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া ও মিয়ানমারের আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
এদিকে গত রাতে বিবিসি বাংলার খবরে বলা হয়, ইন্দোনেশিয়া তার জলসীমায় থাকা নৌযানগুলো থেকে অভিবাসীদের উদ্ধারে কাজ শুরু করেছে।
সংকটের কিছুটা দায় মিয়ানমারেরও: যুক্তরাষ্ট্র
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন শুক্রবার বলেছেন, বর্তমান সংকটের কিছুটা দায় মিয়ানমারেরও আছে। দেশটি এই সংকট নিয়ে কোনো কিছু করতে অনীহা দেখায়।
ইয়াঙ্গুনে এক সংবাদ সম্মেলনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে নিজেদের জীবন পাচারকারীদের হাতে তুলে দিচ্ছে। কারণ, তারা হতাশ ও নিজেদের কোনো ভবিষ্যৎ দেখে না।
প্রসঙ্গত, মিয়ানমার রোহিঙ্গাদের নিজের নাগরিক বলে স্বীকার করে না। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নানাভাবে তাদের বিতাড়ন করা হয়।