সাগরে এক মাসে দস্যুদের কবলে ৪৯ ট্রলার
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে গত ফেব্রুয়ারি মাসে দস্যুদের কবলে পড়ে ৪৯টি মাছ ধরার ট্রলার। আর দস্যুদের মারধর ও গুলিতে আহত হয়েছেন শতাধিক জেলে। লুট হয়েছে কয়েক কোটি টাকার মাছ, জাল ও ইঞ্জিন। কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতি এ তথ্য জানিয়েছে। এদিকে পুলিশ বলছে, গভীর সাগরে দস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর মতো আধুনিক জলযান তাদের নেই।প্রসঙ্গত, কুতুবদিয়া উপকূলে কোস্টগার্ডের কোনো তৎপরতা নেই।জেলেরা জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাতে কুতুবদিয়া থেকে ৮০ কিলোমিটার দূরে গভীর সাগরে চারটি ট্রলার নিয়ে অর্ধশতাধিক জলদস্যু তিনটি ট্রলারে লুটপাট চালায়। তারা তিন ট্রলারের ৫৮ জেলের হাত-পা বেঁধে কোটি টাকার মাছ, জাল ও ইঞ্জিন লুট করে নিয়ে যায়।বাঁশখালীর গিয়াস কামালের মালিকানাধীন ট্রলারের জেলে আবদুর রহিম সাংবাদিকদের জানান, মুখোশধারী জলদস্যুরা প্রথমে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। তারপর অস্ত্রের মুখে জেলেদের হাত-পা বেঁধে লুটপাট চালায়। আর প্রতিবাদ করলে সাগরে ফেলে দেওয়ার ভয় দেখানো হয়। কুতুবদিয়ার বড়ঘোপ এলাকার ট্রলার মালিক দিদারুল ইসলাম বলেন, গত ২৫ ফেব্রুয়ারি গভীর সাগর থেকে মাছ ধরে ফেরার পথে গুলিরদার এলাকায় জলদস্যুরা তাঁর মালিকানাধীন একটি ট্রলারে লুটপাট চালায়। এ সময় স্থানীয় আমজাখালী এলাকার আরও ১১টি ট্রলার জিম্মি করে কোটি টাকার মাছ ও জাল লুট করে তারা। এ কারণে কয়েক দিন ধরে বড়ঘোপ এলাকার কয়েক শ ট্রলার মালিক সাগরে মাছ ধরা বন্ধ রেখেছে। কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, গত ফেব্রুয়ারি মাসে কুতুবদিয়া দ্বীপে এফ বি মরিয়ম, এফ বি সুরোজ, এফ বি শাহজাহান, এফ বি আল্লাহরদানসহ ৪৯টি ট্রলারে দস্যুরা হামলা চালায়। দস্যুদের মারধর ও গুলিতে আহত হয়েছেন শতাধিক জেলে। এর মধ্যে গুলিবিদ্ধ সালাহ উদ্দিন, গিয়াস উদ্দিন, মামুন, বজল আহম্মদ, সমর জলদাসসহ ১৬ জনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত কয়েকজন জেলে জানান, বাঁশখালীর গন্ডপাড়ার রবি, মহেশখালীর মাতারবাড়ির শিমুল, পেকুয়ার রাজাখালীর সেলিম ও কালু, কুতুবদিয়ার দক্ষিণ ধুরং গ্রামের বাদল, পেঁচারপাড়ার নাছির, উত্তর ধুরং গ্রামের শাহেদ, আবুইয়্যা, লেমশিখালীর রুহুল কাদের, ছালে আহমদ বাহিনীর তিন শতাধিক দস্যু বঙ্গোপসাগরে এই লুটতরাজ চালাচ্ছে। জেলেরা জানান, কুতুবদিয়ার ‘দস্যুসম্রাট’ খ্যাত রমিজের হাত-পা কাটার পর তাঁর ছোট ভাই ইউনুস রমিজ বাহিনীর নেতৃত্ব দেয়। দুই মাস আগে কুতুবদিয়া থানার পুলিশ ইউনুসকে গ্রেপ্তার করে। এখন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আবুল কাশেম ওরফে আবুইয়্যার নেতৃত্বে একাধিক দস্যু বাহিনী এসব লুটতরাজ চালাচ্ছে।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, এর পরও পুলিশ উপকূলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তালিকাভুক্ত ১২ দস্যুকে গ্রেপ্তার করেছে।