সাগরে চর, ডাঙায় দেনা জেলেরা দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের ভরা মৌসুম এখন। অথচ পটুয়াখালীসংলগ্ন বঙ্গোপসাগরে চলছে ইলিশের আকাল। জেলেরা সাগর থেকে প্রায়শূন্য ট্রলার নিয়ে তীরে ফিরছেন। সাগরে যে অঞ্চলে সাধারণত ইলিশ পাওয়া যায় সেখানে ডুবোচর পড়ায় আগের মতো জালে আর মাছ পড়ছে না বলে মনে করছেন জেলেরা। মাছ কম পড়ায় ইলিশ শিকারি জেলেরা দাদনের কোটি কোটি টাকা কীভাবে শোধ করবেন, সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।পরিবেশবাদীরা বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে পাহাড়ধস, পানিতে পলির পরিমাণ ও তাপমাত্রা বৃদ্ধিসহ সাগরে ডুবোচর পড়ায় ইলিশ মাছ যে পথে চলাচল করে, সেই গতিপথ পরিবর্তিত হয়েছে। সাগরে ইলিশ না পাওয়ার এটি একটি বড় কারণ বলে মনে করছেন তাঁরা।জেলেরা জানান, জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। এ মৌসুমে পটুয়াখালীর কুয়াকাটা, আলীপুর, মহিপুর এলাকার পাঁচ শতাধিক মাছ ধরার ট্রলারে কমপক্ষে আট হাজার জেলে ইলিশ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। ধরা পড়া ইলিশ দিয়ে এ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত জেলেরা এ মৌসুমেও মৎস্য বন্দরের মহাজনসহ গ্রামের বিত্তবানদের কাছ থেকে ধার করে ও সুদের ওপর টাকা নিয়েছেন। দাদনের টাকায় নৌকা নিয়ে সাগরে গিয়ে তাঁরা ফিরেছেন সামান্য মাছ নিয়ে। এতে জেলেদের খরচের টাকাই উঠছে না। ফলে জেলেদের লোকসানের বোঝা আরও ভারী হচ্ছে। এ ছাড়া ভোলা থেকে সুন্দরবন পর্যন্ত বঙ্গোপসাগরে জলদস্যুদের তাণ্ডব তো আছেই।মহাজনের দাদনের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় আছেন কুয়াকাটার জেলে নূর ইসলাম। তিনি বলেন, ‘সিডর ও আইলায় আমাগো অনেক ক্ষতি হইছে। হের পরও গত দুই বছর ধইরা ইলিশ পাইতেছি না। মহাজনের টাকা পরিশোধ করমু কেমনে? এই মৌসুমেও আবার দাদন নিছি, ইলিশ পামু হেই আশায়। প্রায় ৪৫ হাজার টাকার মালামাল কিইন্যা ট্রলার নিয়া সাগরে গেছি। কিন্তু ইলিশ পাইছি ছোট-বড় মিলাইয়া মাত্র ৫০০টা। ওজনে মাছ হইছে সাড়ে তিন মণ। বিক্রি করছি ১৩ হাজার টাকা দরে সাড়ে ৪৫ হাজার টাকায়। খরচের টাকা উঠাইতেই খুব কষ্ট হইছে।’সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ার কারণ সম্পর্কে মহিপুর মৎস্য বন্দরের জেলে রুস্তম মাঝি জানান, ইলিশ ঝাঁক বেঁধে সোজাসুজি চলাচল করে। বাধা পেলে ইলিশ গতি পরিবর্তন করে। পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী, বড় বাইশদিয়া, গঙ্গামতিসংলগ্ন নদী মোহনায় এবং কুয়াকাটা ও বেহুলার চর থেকে গভীর সমুদ্রে বিশাল ডুবোচর পড়েছে। এ এলাকাগুলোতে কয়েক বছর আগেও প্রচুর ইলিশ ধরা পড়ত। কিন্তু ডুবোচর পড়ায় উপকূলসংলগ্ন স্থানগুলোতে এখন আর তেমন ইলিশ ধরা পড়ছে না। নাম প্রকাশ না করার শর্তে মহিপুরের কয়েকজন ইলিশ ব্যবসায়ী জানান, এই মৎস্য বন্দরের মহাজনেরা কমপক্ষে দুই কোটি টাকা জেলেদের আগাম দিয়েছেন। এখন জেলেদের জালে যে পরিমাণ মাছ ধরা পড়ছে তা দিয়ে জেলেদেরই খরচ উঠছে না। তার ওপর এই দেনা শোধ করবে কী করে! মহিপুর-আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, ভরা মৌসুমেও সাগরে তেমন একটা ইলিশ ধরা পড়ছে না। আবার সাগরে ডুবোচর পড়ায় ইলিশের চলাচলের গতিপথ পরিবর্তন হয়ে গভীর সাগরে চলে গেছে। অপরদিকে সম্প্রতি সাগরে জলদস্যুদের তাণ্ডবে জেলেদের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। ইলিশের আশায় গভীর সাগরে যেতেও ভয় পাচ্ছেন জেলেরা।পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, সাগরের গভীরতা কমে যাওয়ায় ইলিশের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তাই মাছ কম ধরা পড়ছে।সাগরে ডুবোচর ও ইলিশসংকট প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড় ধস বেশি হচ্ছে। পাহাড়ি ঢলের পানিতে পলির পরিমাণ অনেক বেড়েছে। পানির তলদেশের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। যার কারণে বিভিন্ন জায়গায় চর পড়ছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে ডুবোচর জেগেছে। ডুবোচরের কারণে জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। বিশেষ করে ইলিশ প্রজননের সময় মিঠাপানিতে চলে আসে। কিন্তু ডুবোচরের কারণে প্রজননের সময় মিঠাপানিতে আসতে না পাড়ায় ইলিশের প্রজনন হ্রাস পাচ্ছে। কমে যাচ্ছে ইলিশের সংখ্যা।