সাগরে চার ঘণ্টা ডুবোচরে আটকা পর্যটকবাহী দুটি জাহাজ
সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার পথে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাগরে ডুবোচরে আটকা পড়ে পর্যটকবাহী দুটি জাহাজ। প্রায় চার ঘণ্টা সাগরে আটকে থাকে এলসিটি কুতুবদিয়া ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের দুটি জাহাজ। পরে রাত আটটার দিকে জাহাজ দুটি টেকনাফের দমদমিয়া ঘাটে ভেড়ে। কয়েক ঘণ্টা জাহাজ সাগরে আটকে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম বলেন, নাবিকের অদক্ষতার কারণে জাহাজ দুটি ডুবোচরে আটকা পড়তে পারে।
এলসিটি কুতুবদিয়ার টেকনাফের ব্যবস্থাপক মো. আজিজ এবং কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ডুবোচরে জাহাজ দুটি আটকা পড়ে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জোয়ার এলে জাহাজ দুটি আবার যাত্রা শুরু করে। এর এক ঘণ্টার মধ্যে ঘাটে নিরাপদে পৌঁছায় জাহাজ দুটি।
টেকনাফ পৌঁছানোর পর পর্যটক ঢাকার সাভারের রিয়াজ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার সোলেমান হক ও টঙ্গীর ফরিদুল হাসান বলেন, ডুবোচরে আটকে থাকায় জাহাজে থাকা অনেক নারী ও শিশু ভয়ে কাঁদতে থাকে। জাহাজ দুটিতে হাজার খানেক পর্যটক ছিলেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন ৩৪ কিলোমিটারের নৌপথে একাধিক ডুবোচর জেগে উঠেছে। পর্যটক, এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের কথা চিন্তা করে এই নৌপথটি খননের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
টেকনাফে বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, জাহাজ দুটি ডুবোচরে আটকা পড়ার খবর শোনার পর পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাগরের মোহনায় বিজিবির দুটি বিশেষ দলের টহলের ব্যবস্থা করা হয়। জোয়ার এলে জাহাজ দুটিকে নিরাপদে টেকনাফের ঘাটে পৌঁছে দেওয়া হয়।