সাগরে জীবন-মৃত্যুর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মালয়েশিয়া যাওয়ার জন্য মার্চে বাড়ি থেকে বের হই। দুই মাসের বেশি সময় ধরে সাগরে ছিলাম। এই কয়েক মাস কীভাবে ছিলাম, বলে বোঝাতে পারব না। আমাদের নৌকায় খাবার ছিল না, পানি ছিল না। আমাদের ওপর প্রতিদিন নির্যাতন চলতো। পানিতে ফেলে দিয়ে ডুবিয়ে মারার চেষ্টাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পেয়েছি।’
ইন্দোনেশিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি নৌকা থেকে উদ্ধার হওয়া সুনামগঞ্জের মোহাম্মদ কয়েস বিবিসি বাংলাকে এভাবেই তাঁর ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। গতকাল শুক্রবার ওই নৌকা থেকে প্রায় ৮০০ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে উপকূলে নিয়ে যাওয়া হয়, তাঁদের মধ্যে রয়েছেন বহু বাংলাদেশি। উদ্ধারপ্রাপ্তদের রাখা হয়েছে আচেহ প্রদেশের এক শিবিরে। মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে তাঁদের নৌকায় তোলা হয়েছিল। ওই উদ্ধারপ্রাপ্তদের একজন হলেন সুনামগঞ্জের মোহাম্মদ কয়েস।
কয়েস বলেন, ‘আমরা বঙ্গোপসাগর থেকে যখন রওনা হই, তখন প্রথমে ছোট ছোট নৌকায় তোলা হয়। অনেকগুলো নৌকা ছিল। এই সব ছোট ছোট নৌকার যাত্রীদের সবাইকে একদিন একটা বড় নৌকায় তোলা হয়। বার্মা ও বাংলাদেশের প্রায় এক হাজার লোক। পাচারকারীরা বলল, তোমাদের এবার মালয়েশিয়া নিয়ে যাব। তোমরা মালয়েশিয়ায় ঢুকে যাবা। প্রায় ৭২ ঘণ্টা ধরে আমাদের নৌকা চলেছিল। কিন্তু যেদিন আমরা রওনা হই, সেদিন নৌকায় ভয়ংকর মারামারি শুরু হলো। পাচারকারীরা একটা লোককে গুলি করে মেরে ফেলল। নৌকায় সবাই ভয় পেয়ে গেল। তিন দিন ধরে চলার পর নৌকাটা সাগরের যেখানে এসে থামল, সেখানে একটা স্পিডবোট আসলো। সাগরের মাঝখানে আমাদের ফেলে রেখে নৌকার ক্যাপ্টেন আর তাদের সব লোকজন সেই স্পিডবোটে পালিয়ে গেল।
‘এরপর আমাদের তো খুব অসহায় অবস্থা। নৌকায় তেল নাই, ইঞ্জিন নষ্ট, পানি নাই, খাবার নাই। তারপর বার্মার লোকেরা জাহাজের দায়িত্ব নিল। এরপর তারা টর্চার শুরু করল আমাদের বাংলাদেশিদের ওপর। যখন খুশি আমাদের মারধর করে।
‘ইন্দোনেশিয়ান নেভি আমাদের নৌকাটা মালয়েশিয়ার সীমানায় এনে ফেলে দিয়ে চলে যায়। এরপর আমরা পড়ি বিপদে। এরপর আসলো মালয়েশিয়ান নেভি। ওরাও একই রকম খাবার দিল। নুডলস আর পানি দিল। আমাদের নৌকা টেনে নিয়ে তারাও দূর সমুদ্রে ফেলে দিয়ে চলে গেল। সাগরের পানি, ঝিনুক খেয়ে বেঁচে ছিলাম। কেউ প্রস্রাব খেয়ে বেঁচে ছিল।
‘জাহাজে একদিন মারামারি লাগল বার্মা আর বাংলাদেশের মানুষের মধ্যে। বাংলাদেশের মানুষকে পানিতে ফেলে ওরা মারল। একদিন নৌকা ফুটো হয়ে গেল। পানি উঠতে লাগল। তখন ইন্দোনেশিয়ার যে ফিশিং বোটগুলো আছে, ওরা এসে আমাদের উদ্ধার করল। সারা রাত ধরে চালিয়ে আজ সকালে (গতকাল শুক্রবার) ওরা আমাদের ইন্দোনেশিয়ায় নিয়ে আসে। এর মধ্যে দেড় শ লোক মারা গেছে পানিতে পড়ে।