সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ নদসহ বঙ্গোপসাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। এতে জেলে ও ট্রলারমালিকেরা বেজায় খুশি।
উপকূলীয় কুয়াকাটা, মহিপুর, আলীপুর, খালগোড়া, ঢোস, চাড়িপাড়া, গঙ্গামতি, বুড়োজালিয়া, দেবপুরের আড়তগুলোতে দু-তিন দিন ধরে ইলিশ বিক্রির ধুম লেগেছে। বাজারগুলো সরগরম।
মৎস্য আড়তদারদের তথ্য অনুযায়ী, জেলেদের জালে এবার দেড় কেজি ওজনের ইলিশও ধরা পড়ছে; কেজিপ্রতি ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের দাম পড়ছে ৬০০ টাকা। ৭০০-৮০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের দাম পড়ছে ৪০০ থেকে ৫০০ টাকা। ৫০০-৬০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।
উপজেলার মহিপুর এলাকার আনোয়ার হোসেন মাঝি গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘১১ দিন সাগরে আছেলাম। আট দিন একটা মাছও পাই নাই। কিন্তু গত দুই দিনে দুই হাজার ইলিশ পাইছি। তিন লাখ টাকা বিক্রি অইছে। খরচা যাইয়া ভালোই লাভ করতে পারমু।’
চট্টগ্রামের ট্রলারমালিক জয়দেব রায় বলেন, ‘জাল ফেলাইলেই ইলিশ। কোনো মিস নাই। এত ইলিশ আমি গত কয় বছরে দেহি নাই।’ তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার তাঁর মালিকানাধীন এফবি টিপু-২ ট্রলার বঙ্গোপসাগরে জাল ফেলে ১৫৮ মণ এবং এফবি অপু-২ ট্রলারে ১০৫ মণ ইলিশ পেয়েছে। ৫২ লাখ টাকায় এসব ইলিশ বিক্রি হয়েছে।
রাঙ্গাবালী উপজেলার মৌডুবি এলাকার ট্রলারমালিক ইলিয়াস মৃধা বলেন, তাঁর প্রতিদিন দুই থেকে আড়াই লাখ টাকার মাছ বিক্রি হয়েছে। গত কয়েক বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
মহিপুর মৎস্য বন্দরের আড়তদার সমিতির সভাপতি মো. ফজলু গাজী বলেন, মহিপুরের ৪৫টি আড়তে গত তিন দিনে অন্তত ১০ হাজার মণ ইলিশ আনা হয়েছে। এতে গড়ে ১৫ হাজার টাকা মণ দরে অন্তত ১৫ কোটি টাকার ইলিশ বেচাকেনা হয়েছে।
আলীপুর মৎস্য বন্দরের আড়তদার সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন মোল্লা জানান, আলীপুরের ৬৪টি আড়তে গত তিন দিনে ১৩ হাজার মণ ইলিশ মাছ আহরণ হয়েছে। তাতে গড়ে ১৫ হাজার টাকা মণ দরে ১৯ কোটি ৫০ লাখ টাকা বিক্রি হয়েছে।
কলাপাড়া পৌর শহরের বাসিন্দা নান্নু মুনশী বলেন, প্রচুর ইলিশ ধরা পড়ায় দামও কম। এ কারণে তাঁরা ইলিশ কিনতে পারছেন। এ জন্য খুশি।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘সরকারের মৎস্য অধিদপ্তরের কঠোর নজরদারির কারণে ডিমওয়ালা ইলিশ রক্ষা পেয়েছে। গত বছর ডিম ছেড়ে বেঁচে যাওয়া মা-ইলিশ এবার ধরা পড়ছে। এ জন্য ইলিশ আকারে এত বড়। তা ছাড়া গত বছরের মা-ইলিশ সংরক্ষণ ও তৎপরবর্তী জাটকা সংরক্ষণ অভিযানসহ জেলে পুনর্বাসন ও মৎস্য ভিজিএফের ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। সাগর ও নদ-নদীতে এত বেশি ইলিশ ধরা পড়ছে।’ তিনি আরও বলেন, গত বছর পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে সাগর থেকে আহরিত ইলিশের পরিমাণ ছিল ৩ লাখ ৭৮ হাজার মেট্রিক টন। এবার চার লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে।