সাগরে ট্রলারডুবি, জেলের লাশ উদ্ধার
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক এলাকায় গত বুধবার রাতে ট্রলারডুবিতে এক জেলের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ওমর ফারুক (৪০) নামের ওই জেলের লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি কক্সবাজার সদর উপজেলার রশিদনগর ইউনিয়নের গোলাজিপাড়ায়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বুধবার রাত ১০টার দিকে ১৩ জন জেলে গভীর সাগর থেকে মাছ ধরার ট্রলার নিয়ে শহরের দিকে ফিরছিলেন। সাগরের নাজিরারটেক পয়েন্টের অদূরে এসে ট্রলারটি ঝোড়ো হাওয়ার কবলে পড়ে। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ১২ জেলেকে উদ্ধার করলেও ওমর ফারুক নিখোঁজ ছিলেন।
ট্রলারের মালিক কক্সবাজার শহরের নুনিয়াছটা এলাকার বজল আহমদ জানান, বুধবার রাত দেড়টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি জোয়ারের ধাক্কায় নাজিরারটেক উপকূলে ভেসে আসে। বৃহস্পতিবার সকালে ট্রলারের ভেতরে ওমর ফারুকের লাশ পাওয়া যায়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উদ্ধার হওয়া জেলে আবুল ফজল (৪৫) বলেন, ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলে তিনিসহ পাঁচজন জ্বালানি তেলের খালি ড্রাম নিয়ে সাগরে ভাসতে থাকেন। আধা ঘণ্টা পর আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করেন।