সাগরে ট্রলারডুবি, মাঝিসহ ১২ জেলে নিখোঁজ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারের মাঝিসহ ১২ জন জেলে নিখোঁজ রয়েছেন। বুধবার সকালে গভীর সমুদ্র থেকে মাছ ধরা শেষে ট্রলারটি কুয়াকাটায় ফিরে আসার পথে ডুবে যায়। এ ছাড়া আরও ১৪-১৫টি মাছ ধরার ট্রলারের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে নিম্নচাপের প্রভাবে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে কুয়াকাটা-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মৎস্যবন্দর আলীপুরের মৎস্য আড়তদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, আলীপুর থেকে এফবি মায়ের দোয়া নামের হানিফ মাঝির এ ট্রলারটি মাছ ধরার জন্য দুদিন আগে সাগরে যায়। মাছ ধরা শেষে কুয়াকাটায় ফেরার পথে ট্রলারটি প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। এ ট্রলারে মাঝিসহ ১২ জন জেলে ছিলেন। সবাই নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, কুয়াকাটা, আলীপুর, মহিপুর, খালগোড়া, গঙ্গামতি এবং ঢোস এলাকার এফবি মালিহা, এফবি সালেহা, এফবি মামণি, এফবি তামান্না, এফবি আল রুমান, এফবি বিসমিল্লাহ, এফবি সাদিয়াসহ ১৪-১৫টি মাছ ধরার ট্রলারের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। সেসব ট্রলারের জেলেদের সম্পর্কেও কোনো তথ্য জানা যায়নি।
মহিপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. ফজলু গাজী জানান, নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া প্রায় আড়াই শ জেলে নৌকা ও ট্রলার ফেরত এসেছে। সেগুলো শিববাড়িয়া নদী, ঢোস, খালগোরাসহ উপকূলের বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে বিভিন্ন নদ-নদীতে তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বিপাকে পড়েছে মহিপুর ইউনিয়নের নিজামপুর এবং চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের মানুষজন। এ দুটি গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেঙে যায়। এ কারণে বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে অন্তত ১৫টি গ্রাম।
মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের সিদ্দিক মুন্সী জানান, গ্রামের প্রতিটি বাড়ির উঠানে দেড় থেকে দুই ফুট পানি জমে আছে। গ্রামের রাস্তাও পুরোপুরি ডুবে গেছে। চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের বাচ্চু মোল্লা বলেন, বাঁধের ভাঙা অংশ দিয়ে গ্রামে পানি ঢুকে পড়েছে। ২০-২৫টি পুকুর-ঘেরের মাছ পানিতে ভেসে গেছে।
কলাপাড়া ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র ও পাইলট বেলুন অবজারভেটরির (পিবিও) ভারপ্রাপ্ত ইলেকট্রনিকস প্রকৌশলী মো. শাহ আলম বলেন, পায়রা সমুদ্রবন্দর এবং পার্শ্ববর্তী এলাকার জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে দমকা হাওয়াসহ দুই থেকে তিন ফুট পানি বাড়তে পারে।