সাগরে ডাকাতি, ২৫ জেলে অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটাসংলগ্ন বলেশ্বর মোহনায় এবং সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় গত শনিবার রাতে ও রোববার বিকেলে দুই দফায় জেলেবহরের অন্তত ৩০টি ট্রলারে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যুরা মুক্তিপণের দাবিতে চারটি ট্রলারসহ ২৫ জেলেকে অপহরণ করেছে।জলদস্যুদের কবল থেকে এফবি নগরদিবা ট্রলার নিয়ে গতকাল সোমবার ভোররাতে পাথরঘাটায় ফিরে এসেছেন মিস্ত্রি নাসির হোসেন। তিনি জানান, মাছ ধরার সময় ডাকাতেরা তাঁকে ও মাঝি শামীমকে নিয়ে যায়। ট্রলারের বাকি আটজনকে অন্য একটি ট্রলারে উঠিয়ে দেয়। এরপর শামীমকে আরেকটি ট্রলারে উঠিয়ে নেয় এবং তাঁকে ছেড়ে দেয়। তিনি ওই সময় একটি ট্রলারে করে ২৫-৩০ জন জেলেকে নিয়ে যেতে দেখেছেন।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি গতকাল সকালে এ খবর নিশ্চিত করেছেন। তাঁরা জানান, পাথরঘাটাসংলগ্ন বলেশ্বর মোহনায় ও সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জেলেরা মাছ ধরার সময় জলদস্যু মাইজ্যা বাহিনী তিনটি স্থানে অন্তত ৩০টি ট্রলারে গণডাকাতি করেছে। তারা প্রতিটি ট্রলার থেকে নগদ টাকা, মুঠোফোন, জ্বালানি তেল, চাল, খাওয়ার পানি, ইলিশ মাছসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে যায়। এ সময় তারা মুক্তিপণের দাবিতে অন্তত ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। তাই ২৫ সেপ্টেম্বরের আগে মাছ ধরে জেলেরা তীরে ফেরার পরিকল্পনায় ছিলেন। এ সময় দস্যু বাহিনী ওই ট্রলার থেকে ইলিশ মাছসহ প্রয়োজনীয় রসদ লুট করে নিয়ে যায়।কোস্টগার্ডের পূর্বাঞ্চলের আঞ্চলিক জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট মাশরিক বলেন, ‘ডাকাতির খবর শুনে পাথরঘাটা স্টেশন থেকে একটি টহল দল ওই এলাকায় যায়। কিন্তু সাগরের ওই এলাকায় জেলেদের সঙ্গে কথা বলে পাথরঘাটা স্টেশন কর্মকর্তারা জানতে পেরেছেন, সাগরের ওই এলাকায় কোনো ডাকাতি হয়নি।’