সাগরে ডাকাতি হলেও মামলা নিতে পারে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার বঙ্গোপসাগরের উপকূল ও গভীর সমুদ্রে নিয়মিত ডাকাতি হচ্ছে। গত ১০ দিনে কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, ধলঘাটা, মনখালী, শাপলাপুর, টেকনাফ, সেন্ট মার্টিন উপকূলে ২১টি মাছ ধরা ও মালবাহী ট্রলারে লুটপাট হয়েছে। দস্যুদের বেদম প্রহারে আহত হয়েছেন অন্তত ৭০ জন জেলে। কিন্তু এর একটি ঘটনায়ও মামলা নেয়নি পুলিশ। গ্রেপ্তার করা যায়নি কোনো জলদস্যুকে।ক্ষতিগ্রস্ত জেলে, ট্রলারমালিক ও পুলিশের সঙ্গে কথা বলে এর তিনটি কারণ জানা গেছে। প্রথমত, সাগরের এলাকা পুলিশের থানা এলাকার মধ্যে না পড়ায় মামলা নিতে পারে না পুলিশ। দ্বিতীয়ত, জলদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণ ও টহল দিতে পুলিশের কোনো জলযান নেই। নেই কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল। তৃতীয়ত, কক্সবাজারের বিশাল সমুদ্র উপকূলে চকরিয়ার বদরখালীতে একটি নৌপুলিশ ফাঁড়ি ছাড়া আর কোনো নৌপুলিশ ফাঁড়ি নেই। এর মধ্যে ওই ফাঁড়িতেও কোনো জলযান নেই। মাত্র একজন সহকারী উপপরিদর্শক ও দুজন কনস্টেবল দায়িত্ব পালন করছেন সেখানে। এতে ১৫-২০ জনের ডাকাত দলকে দমনে কোনো ভূমিকাই রাখতে পারছেন না তাঁরা। এ অবস্থায় কক্সবাজারের প্রায় ছয় হাজার মাছ ধরার ট্রলারের এক লাখ জেলে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। জীবন ও সম্পদের চরম ঝুঁকি নিয়ে মাছ ধরতে হচ্ছে তাঁদের।মহেশখালীর কুতুবজোমের ট্রলারমালিক কবির আহমদ জানান, জলদস্যুরা গত ৩০ এপ্রিল গভীর সাগরে তাঁর একটি মাছ ধরার ট্রলারে লুটপাট চালায়। দস্যুরা কয়েক হাজার টাকা, দুটি মুঠোফোনের সেট, কয়েক লাখ টাকার মাছ, ২০ লাখ টাকার জাল ও ট্রলারের ইঞ্জিন লুট করে। এ সময় ট্রলারের ১৯ জেলেকে দস্যুরা সাগরে ফেলে দেয়। পরে অপর একটি ট্রলার ভাসমান অবস্থা থেকে ১৯ জেলেকে উদ্ধার করে। কবির আহমদ জানান, এত বড় একটি ডাকাতি হলেও পুলিশ মামলা নেয়নি। এতে দস্যুরা আরও লুটপাটের সুযোগ পাচ্ছে।যোগাযোগ করা হলে কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায় ১০০ কিলোমিটারের বিশাল সাগর উপকূলে জেলেদের নিরাপত্তা এবং জলদস্যুদের নিয়ন্ত্রণে সরকারি কোনো বাহিনী নেই। এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ‘সাগরে নেমে দস্যুদের আটক করার মতো প্রস্তুতি পুলিশের নেই। এ কারণে দস্যুদের আটক করা সম্ভব হচ্ছে না। তার পরও উপকূলের কাছাকাছি এলাকায় লুটপাট বা হতাহতের বড় ঘটনা ঘটলে আমরা মামলা নিই, দস্যুদের আটকের চেষ্টা করি।’ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম জানান, সাগরে ডাকাতি হলে পুলিশ মামলা নিতে পারে না। এর অন্যতম কারণ হচ্ছে, সাগর এলাকা পুলিশের আওতাবহির্ভূত। তিনি জানান, ‘জলদস্যুদের তৎপরতা বন্ধ এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কুতুবদিয়া ও সোনাদিয়া চ্যানেলে দুটি নৌপুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পাঠিয়েছি। এর বাস্তবায়ন হলে জেলেরা মামলা করার সুযোগ যেমন পাবেন, তেমনি পুলিশ উপকূলে নিয়মিত টহল দিয়ে দস্যুদের নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে।’