সাগরে দস্যু, ডাঙায় মহাজনের তাড়া
পটুয়াখালীর দশমিনা উপজেলার জেলেপল্লির কালাম হাওলাদার (৫০) কয়েক দিন ধরে সাগরে ইলিশ ধরতে যেতে সাহস পাচ্ছেন না। জলদস্যুদের উৎপাতের কারণে চিন্তিত হয়ে পড়েছেন তিনি। কালাম বলেন, ‘মহাজনে দাদন দিছে, মাছ দিমু। জাল-ট্রলার লাইছি। সাগরে ইলিশ ধরুম। মহাজনের টাকা শোধ হইবে। পোলাপান লইয়া ঈদের আনন্দ করুম। কিন্তু এহন সাগরেই যাইতে সাহস পাই না। ইলিশ ধরুম কেমনে?’উপজেলার সৈয়দ জাফর গ্রামের জেলে কালামের স্ত্রী নাজমা বেগম (৪০) বলেন, ‘ছেলে শাকিল স্কুলে পড়ে। তিন মাইয়ার মধ্যে ছোড দুইডা লেহাপড়া করছে। বড় মাইয়া রুমারে বিয়া দিছি। কিন্তু টাকার অভাবে তুইল্যা দিতে পারি নাই। একদিকে কিস্তির টাহা, আবার হের লগে মহাজনের দাদন। ঈদ আইছে। পোলাপানগো নতুন জামাকাপড় কিন্যা দিমু, হেইয়াও পারি নাই।’ওই পল্লিতে প্রায় ২৫০টি জেলে পরিবার রয়েছে। এসব পরিবারের কর্তারা একদিকে সাগরে যেতে সাহস পাচ্ছে না জলদস্যুদের আতঙ্কে, অন্যদিকে আছে মহাজনের দাদনের তাড়া। তাই এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে বসেছে জেলে পরিবারগুলো।ঈদ সামনে রেখে কয়েক দিন ধরে বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত ও অপহরণ বেড়ে গেছে। গত বুধবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অন্তত ২৫টি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে কোটি টাকার মাছ লুটে নিয়েছে দস্যুরা। এ সময় অপহরণ করা হয় গলাচিপার চালিতাবুনিয়া এলাকার মাঝি পারভেজ মিয়া (৩৫) ও মহিপুর এলাকার ফুল মিয়াকে (৩৫)। তাঁদের মুক্তিপণ বাবদ সাড়ে তিন লাখ টাকা দাবি করে জলদস্যুরা। গলাচিপার বড়বাইশদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাফর আহমেদ জানান, গত মঙ্গলবার তাঁর সমুদ্রগামী ট্রলার এফবি তাফসির-১-এর মাঝি আবদুল মালেককে দস্যুরা অপহরণ করে নিয়ে যায়। তাঁর মুক্তিপণ বাবদ দেড় লাখ টাকা দাবি করেছে জলদস্যুরা। সাগরে জলদস্যুদের হামলা ও অপহরণের ঘটনায় ইলিশ-জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গত শুক্রবার সরেজমিনে উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে তেঁতুলিয়া নদীর তীরবর্তী জেলেপল্লি সৈয়দ জাফর গ্রামে গেলে জেলেরা তাঁদের মহাজন ও জলদস্যুদের দ্বারা নিপীড়নের চিত্র তুলে ধরেন। সৈয়দ জাফর গ্রামের মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিকদার নজরুল ইসলাম জানান, সিডর ও আইলা-বিধ্বস্ত এই এলাকার জেলেদের পুনর্বাসনের সহায়তায় কেউ এগিয়ে না আসায় তাঁরা বিভিন্ন বেসরকারি সংস্থা, দাদন ব্যবসায়ী ও মহাজনদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন। পেশা টিকিয়ে রাখতে গ্রামের দাদন ব্যবসায়ী ও মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হন তাঁরা। যখন জেলেদের জালে কিছু ইলিশ ধরা পড়তে শুরু করেছে, তখনই জলদস্যুদের উৎপাত শুরু হয়েছে। তাঁদের এলাকার জেলেরা এখন ইলিশ শিকারে সাগরে যেতে সাহস পাচ্ছেন না।কোস্টগার্ড দক্ষিণ অঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন সেলিম জানান, লোকবল ও নৌযানের সংকট রয়েছে। তার পরও ঈদকে সামনে রেখে তাঁরা তৎপর আছেন। দস্যুতার খবর পেয়ে তাঁরা সাগরে টহল ও অভিযান জোরদার করেছেন।