সাগরে দস্যুদের নতুন কৌশল মাঝিমাল্লাসহ ট্রলার অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফবি মুক্তার মালা-৯ নামে মাছ ধরার ট্রলারটি গত ১১ ফেব্রুয়ারি হাতিয়ার নিঝুম দ্বীপের কাছ থেকে ১৮ মাঝিমাল্লাসহ অপহরণ করে মুন্সিয়া বাহিনী। তাঁদের জিন্মি করে মালিকপক্ষের কাছে টেলিফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দর কষাকষির পর পাঁচ লাখ টাকায় সমঝোতা হয়। কিন্তু ১৮ মাঝিমাল্লার সাতজনকে পাওয়া যায়নি। জলদস্যুদের হামলায় তাঁরা নিহত হন বলে ট্রলারের তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন জানান।জানা গেছে, গত দুই মাসে এভাবে মাঝিমাল্লাসহ শতাধিক ট্রলার অপরহরণ করা হয়। এ সময় অন্তত ৫০ জন মাঝিমাল্লা নিখোঁজ হয়। শুধু চট্টগ্রাম ফিশারি ঘাটকেন্দ্রিক ১৩টি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। আগে জলদস্যুরা ট্রলারের জাল, মাছ ও যন্ত্রাংশ লুট করত। এখন কৌশল পাল্টিয়ে মাঝিমাল্লাসহ ট্রলার অপহরণ করছে। তাই ভয়ে এখন মাছ ধরার অনেক ট্রলার সাগরে যাচ্ছে না। অন্তত ১৫টি বাহিনী এই দস্যুতার সঙ্গে জড়িত। সাগরে নিরাপত্তা দেওয়ার দাবি ও জলদস্যুদের দমনের দাবিতে ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ট্রলার মালিক সমিতি। এর আগে তাঁরা সরকারকে ১৭ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৪০ হাজার ট্রলারে সরাসরি কাজ করে প্রায় ছয় লাখ মাঝিমাল্লা। এ ছাড়া মাছের ব্যবসা এবং আড়তদারির সঙ্গে আরও প্রায় দুই লাখ লোক জড়িত। ধর্মঘট শুরু হলে এ সব লোক কর্মহীন হবে। বাজারে দেখা দেবে মাছের সংকট। উপকূলীয় এলাকায় জলদস্যুদের উপদ্রব বেড়ে যাওয়ায় মহেশখালীতে কোস্টগার্ড ক্যাম্প স্থাপনের প্রস্তুতি শুরু করেছে। আদিনাথ জেটি-সংলগ্ন এলাকায় তৈরি হবে এই ক্যাম্প। ইতিমধ্যে কোস্টগার্ডের মহাপরিচালক গিয়ে ওই এলাকা চিহ্নিত করেছেন। সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির মহাসচিব মো. সাইফ রহমান বলেন, ‘ডাকাতি আগেও ছিল। কিন্তু গত দুই মাসে সারা দেশে শতাধিক নৌকা জলদস্যুদের কবলে পড়েছে। এখন তারা নৌকা ও মাঝিদের আটকে রেখে মুক্তিপণ আদায় করছে। মুক্তিপণ দিলেও অনেক মাঝিমাল্লাকে মেরে সাগরে ফেলে দেওয়া হচ্ছে। অন্তত ৫০ জন মাঝিমাল্লা এখন নিখোঁজ।’জানা গেছে, সারা দেশে ৪০ হাজারের মতো মাছ ধরার ট্রলার রয়েছে। এর মধ্যে নিবন্ধিত আছে সাত হাজার। সম্প্রতি ফিশারি ঘাট ও ব্রিজ ঘাট এলাকায় গিয়ে প্রায় এক হাজার ট্রলার নোঙর করা দেখা যায়। জলদস্যুদের ভয়ে মাঝিরা সাগরে যাচ্ছেন না। ট্রলারের মালিকেরা গত ২৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই মাসে জলদস্যুদের কবলে থাকা নৌযান ও জলদস্যু বাহিনীর তালিকা তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেন। মন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে কোস্টগার্ডের মহাপরিচালককে নির্দেশ দেন। এর আগে গত বছরের ১৫ মার্চ মালিক সমিতি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারকলিপি দেয়।মন্ত্রণালয়ে জমা দেওয়া তালিকা থেকে জানা গেছে, ১১ ফেব্রুয়ারি নিঝুম দ্বীপ এলাকায় মুক্তার মালা ও মায়ের দোয়া নামে দুটি, ২১ ফেব্রুয়ারি এফবি ভাই ভাই, জানুয়ারির শেষ দিকে এফবি নূর আয়শা, ৬ ফেব্রুয়ারি এফ বি বসুন্ধরা, এক ফেব্রুয়ারি এফবি আল মদিনা, এফবি রিয়াদ রাসেলসহ আরও বেশ কয়েকটি ট্রলার অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়।কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লে. কমান্ডার আহসান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া ট্রলার মালিক সমিতির তালিকা আমরা পেয়েছি। জলদস্যুদের দমনে আমাদের একটি জাহাজ ও দুটি স্পিডবোট সাগরে ২৪ ঘণ্টা টহলে থাকে। অনেক সময় খবর দেরিতে পাওয়ায় দস্যুদের ধরা যায় না। তখন আমাদের পুলিশের ওপর নির্ভর করতে হয়।’ট্রলারের মাঝিমাল্লা ও মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে ১৫টি বাহিনী ট্রলার অপহরণ ও ডাকাতির সঙ্গে জড়িত। এর মধ্যে হাতিয়ার মুন্সিয়া বাহিনী, সুন্দরবনের মোতালেব গ্রুপ, কৃষ্ণ সাগর গ্রুপ, জুলফিকার গ্রুপ, কুতুবদিয়ার রমিজ গ্রুপ, বাঁশখালীর রবি গ্রুপ, সোনাদিয়ার নাশু মেম্বার বাহিনী, মহেশখালীর ছবুর বাহিনী, মংলার বুলবুল বাহিনী, নোয়াখালীর ইদ্রিস ও টাইগার বাহিনী অন্যতম। এসব বাহিনীর সঙ্গে কিছু কিছু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ আছে। আবার বিভিন্ন থানাও মামলা নিতে গড়িমসি করে।জানা গেছে, গত ডিসেম্বরে জলদস্যুরা অপহরণ করেছিল এফবি আল মদিনা নামে একটি ট্রলার। পরে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াসিন আরাফাতের মাধ্যমে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ট্রলারটি ফিরে পান মালিক। ইয়াসিন আরাফাত জানান, ‘আমি এ ধরনের কোনো সমঝোতায় ছিলাম না। তবে জাহাজের চর, কালাম চর এলাকায় ট্রলার ডাকাতি হয়।’ হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ পাল বলেন, ‘অভিযোগ নিয়ে এলে আমরা মামলা নিই। তবে সাগরে জলদস্যুদের তাড়া করার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা আমাদের নেই।’ মুন্সিয়া বাহিনীসহ কয়েকটি গ্রুপের দৌরাত্ম্যের কথা স্বীকার করে তিনি বলেন, ‘মুন্সিয়াকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি।’