সাগরে দস্যুদের হানা ৭ জেলে গুলিবিদ্ধ
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া উপকূলের পশ্চিম বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার ভোরে জলদস্যুরা মাছ ধরার দুটি নৌকায় হানা দিয়েছে। এ সময় সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ১৩ জেলে আহত হয়েছেন। জলদস্যুরা মাছ ও জালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গুরুতর অবস্থায় বৃহস্পতিবার বিকেলে গুলিবিদ্ধ মনির আহমদকে (৩২) মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আবদুর রহিম (২৪), নাছির উদ্দিন (২২), মোহাম্মদ শাহাব উদ্দিন (২৫) গিয়াস উদ্দিন (২৬), জাহাঙ্গীর আলম (২৮) ও জসিম উদ্দিনকে (৩০) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত জেলেদের বাড়ি উপজেলার পৌর এলাকা ও কুতুবজুম ইউনিয়নে।পুলিশ ও জেলেদের সূত্রে জানা গেছে, উপজেলার পুটিবিলা এলাকার ছৈয়দ হোছন ও নাছির উদ্দিনের মালিকানাধীন দুটি নৌকা নিয়ে জেলেরা এক সপ্তাহ আগে সাগরে যান। মাছ ধরার সময় গত বৃহস্পতিবার ভোরে জলদস্যুরা ওই দুটি নৌকায় অতর্কিতে হানা দেয়।একটি নৌকার মাঝি গুলিবিদ্ধ মনির প্রথম আলোকে বলেন, ২৮-৩০ জনের জলদস্যু দল একটি ইঞ্জিনচালিত নৌকায় করে এসেই ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট শুরু করে। এ সময় বাধা দিলে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে জলদস্যুরা। এ ছাড়া জেলেদের মারধর করে। পরে মালামাল নিয়ে চলে যায়।ডাকাতি ও গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, সোনাদিয়ার প্রায় ৪৫ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম সাগরে এ ঘটনা ঘটেছে। জলযান না থাকায় এতদূরে গিয়ে পুলিশের পক্ষে অভিযান চালানো সম্ভব হয়নি। তবে মহেশখালীর উপকূলে চিহ্নিত জলদস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।