সাগরে দুই ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত
কক্সবাজার সাগর উপকূলের হিমছড়ি চ্যানেলে গত সোমবার রাতে দুটি ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষে ১৭ জেলে আহত হয়েছেন। তাঁদের কক্সবাজার ও উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আটটার দিকে হিমছড়ি সাগরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছটা এলাকার হাজি নুরুল হুদার মালিকানাধীন একটি ট্রলারের জেলেরা। পাশে মাছ ধরার জন্য জাল ফেলেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ঘাটঘর গ্রামের মোহাম্মদ হোসেনের মালিকানাধীন আরেকটি ট্রলারের জেলেরা। ঢেউয়ের তোড়ে বড়শিগুলো জালে আটকা পড়লে দুই ট্রলারের জেলেদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১৭ জন জেলে আহত হন। অবশ্য উখিয়ার ট্রলারমালিক মোহাম্মদ হোসেন জানান, ১৫ জন জেলে নিয়ে তাঁর ট্রলারটি হিমছড়ি সাগরে মাছ ধরার সময় ২০-২৫ জন জলদস্যু ট্রলারে উঠে জেলেদের দা দিয়ে কোপায়। এতে ট্রলারের নয় জেলে মোহাম্মদ হোছন, রাসেল উদ্দিন, মো. ফয়সাল, আবু বক্কর, নুর কাদের, জাফর আলম, আবু তালেব, আবদুল খালেক ও নুরুল ইসলাম আহত হন। দস্যুরা ট্রলারের অবশিষ্ট ছয় জেলেকে সাগরে নিক্ষেপ করে। এ সময় আশপাশে মাছ ধরারত চার-পাঁচটি ট্রলারের জেলেরা ঘটনাস্থলে এসে দস্যুদের আটজনকে ধরে পিটুনি দিয়ে উখিয়া থানায় সোপর্দ করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন: বদি আলম, নুর মোহাম্মদ, মোহাম্মদ শফি, দিল মোহাম্মদ, সুলতান আহমদ, কবির আহমদ, নুর আলম এবং কলিম উল্লাহ। তাঁদের প্রত্যেকের বাড়ি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছটা এলাকায়। পুলিশ তাঁদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অন্যদিকে ধারালো অস্ত্রের আঘাতে আহত আরেকটি ট্রলারের নয় জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজারের ট্রলারের আহত জেলে বদি আলম ও নুর মোহাম্মদ জানান, তাঁরা জলদস্যু নন। সাগরে বড়শি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে দুটি ট্রলারের জেলেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে উখিয়ার ট্রলারের জেলেরা মুঠোফোনে খবর দিয়ে আরও পাঁচটি ট্রলারে বিপুলসংখ্যক লোকজন নিয়ে এসে আমাদের বেদম প্রহার করে পুলিশে সোপর্দ করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. নাছির উদ্দিন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, সাগরে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে দুটি ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি ট্রলারের আট জেলেকে গণপিটুনি দিয়ে জলদস্যু হিসেবে পুলিশে সোপর্দ করা হলেও তাঁরা দস্যু কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে একটি ট্রলারের ছয়জন জেলে নিখোঁজ থাকার ব্যাপারে গতকাল মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত কেউ অভিযোগ করেনি।