সাগরে দুই দিনে ৭৫ জেলেকে অপহরণ, ব্যাপক লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের দুবলা রেঞ্জ-সংলগ্ন ফেয়ারওয়েবয়ার ২০ কিলোমিটার এলাকায় দক্ষিণ বঙ্গোপসাগরে গত সোম ও মঙ্গলবার জলদস্যুরা হানা দিয়ে ১০টি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৭৫ জন জেলেকে অপহরণ করেছে। এ ছাড়া কমপক্ষে ১৫০টি মাছ ধরার ট্রলারে হানা দিয়ে কয়েক কোটি টাকার জাল ও মাছ লুট করেছে।লুটপাটের শিকার জেলে গতকাল বুধবার বরগুনার পাথরঘাটা ও বাগেরহাটের শরণখোলায় এসে ট্রলার মালিক ও মালিক সমিতির নেতাদের এসব তথ্য জানান। জেলেরা বলেন, ‘ঈদ সামনে রেখে সুন্দরবনকেন্দ্রিক তিনটি জলদস্যু বাহিনী দুবলা রেঞ্জ-সংলগ্ন ফেয়ারওয়েবয়ার ২০ কিলোমিটার এলাকার মধ্যে এই অপরহণ ও লুটপাট চালাচ্ছে।’প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জেলে প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার সকাল সাতটার দিকে সুন্দরবনের রাজু ও মোতালেব জলদস্যু বাহিনীর সদস্যরা দুই দিক থেকে জেলেদের চারটি ট্রলারে হানা দেয়। ট্রলারগুলোতে রাত সাড়ে নয়টা পর্যন্ত লুটপাট চালায় দস্যুরা। পরে আরও অন্তত ১০টি ট্রলারসহ ৫০ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে গত সোমবার রাতে আল-আমিন বাহিনীর সদস্যরা ফেয়ারওয়েবয়ার কাছাকাছি এলাকায় ৪০-৪৫টি ট্রলারে ব্যাপক লুটপাট করে। এ ছাড়া ২৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। রাজু বাহিনীর লুটপাটের শিকার একটি ট্রলারের জেলে বরগুনার পাথরঘাটার মাহবুব মাতুব্বর গতকাল পাথরঘাটায় ফিরে এসে বলেন, জলদস্যুরা অস্ত্রের ভয় দেখিয়ে এফবি মাকসুদা-১ ট্রলারের শাহজাহান মাঝি, মাকসুদা-২ ট্রলারের জহিরুল হক মাঝি ও নামহীন অপর একটি ট্রলারের খালেক মাঝিসহ আরও দুটি ট্রলারের দুজন মাঝিকে অপহরণ করে নিয়ে যেতে দেখেন তিনি। এ ছাড়া আশপাশের বেশ কয়েকটি ট্রলারে হামলা চালিয়ে দস্যুরা অন্তত ২০টি ট্রলারের মাঝিদের অপহরণ করে।গত মঙ্গলবার দস্যুদের ছিনিয়ে নেওয়া ১০টি ট্রলারের মধ্যে চারটি ট্রলারের নাম জানা গেছে। এর মধ্যে শরণখোলার কালাম মোল্লার মালিকানাধীন এফবি সুমাইয়া, কবির হোসেনের মালিকানাধীন এফবি খাইরুল, মহীপুরের এফবি ভাই ভাই, পাথরঘাটার চরদুয়ানির আ. রহমানের মালিকানাধীন এফবি অলি রয়েছে। ডাকাতির শিকার ট্রলারগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালীর আলীপুরের মোস্তফা মিয়ার এফবি আলাউদ্দীন, বরগুনার পাথরঘাটার এফবি সাগরসৈকত, এফবি অলি-২, এফবি অলি-৪, এফবি নাজমা, এফবি মনোয়ারা, এফবি জলদাস ও এফবি আল্লারদান প্রভৃতি। পাথরঘাটা ট্রলার মালিক সমিতি ও শরণখোলা জাতীয় ম ৎ স্যজীবী সমিতির নেতারা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান গতকাল দুপুরে বলেন, ‘ফেয়ারওয়েবয়ার কাছে ট্রলার ডাকাতির বিষয়ে আমরা শুনেছি।’কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলীয় কমান্ডার (অপারেশন) লেফটেন্যান্ট হাসানুজ্জামান গতকাল দুপুরে বলেন, ‘আমরা খবর শুনে মঙ্গলবার রাতেই ওই এলাকায় সিজিএস পটুয়াখালী নামের একটি জাহাজ পাঠিয়েছি এবং গতকাল সকাল থেকে নৌবাহিনীর একটি দল সেখানে অভিযান চালাচ্ছে। এ সময়ের মধ্যে অপহূত জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।’