সাগরে দুটি ট্রলারডুবি, এক জেলের মৃত্যু
বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মঙ্গলবার দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে মাছ ধরার দুটি ট্রলার ডুবে গেছে। এ সময় জেলে কবির হোসেন মোল্লা (৪০) ডুবে মারা যান। তাঁর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামে।পাথরঘাটা ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, চার দিন আগে পাথরঘাটা ও বরগুনা সদর উপজেলার ২৮ জন জেলে নিয়ে এফবি মায়ের দোয়া ও এফবি সোহেল নামের দুটি ট্রলার মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। মঙ্গলবার দুপুরের দিকে আকস্মিক ঝড়ে ট্রলার দুটি ডুবে যায়। এ সময় আশপাশে অবস্থানরত জেলেরা ২৭ জন জেলেকে উদ্ধার করেন। কিন্তু আরেক জেলে কবির হোসেন মোল্লাকে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির পর মঙ্গলবার গভীর রাতে নিমজ্জিত একটি ট্রলারের জালের সঙ্গে পেঁচানো অবস্থায় কবিরের লাশ পাওয়া যায়। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, সাগর উত্তাল হয়ে পড়ায় মঙ্গলবার দুপুর থেকে সাগরে অবস্থানরত বেশির ভাগ মাছ ধরার ট্রলার বরগুনা, পাথরঘাটা ও মহিপুরে নিরাপদে আশ্রয় নিয়েছে।