সাগরে দুটি ট্রলারসহ ২৫ জেলে অপহরণ
বঙ্গোপসাগরে ১৩টি মাছ ধরা ট্রলারে হানা দিয়ে জাল, মাছ, জ্বালানিসহ ২০ লাখ টাকার মালামাল লুট করেছে জলদস্যুরা। এ সময় তারা দুটি ট্রলারসহ ২৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। রোববার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়ার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। বরগুনার পাথরঘাটা ও বাগেরহাটের শরণখোলা উপজেলা ট্রলারমালিক সমিতির নেতারা জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে ওই এলাকায় বেশ কয়েকটি ট্রলারের জেলেরা জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় একটি ট্রলারে করে ২০-২২ জন জলদস্যু এসে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারা এফবি মায়ের দোয়া, এফবি আল্লার দান-১, এফবি তালুকদার, এফবি রাসুল, এফবি মেহেদি হাসান এবং এফবি ফকিরসহ ১৩টি ট্রলার থেকে জাল, মাছ ও জ্বালানিসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। পরে জলদস্যুরা এফবি মেহেদী ও এফবি মা-বাবার দোয়া নামের দুটি ট্রলারসহ ২৫ জন জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে যায়।সমিতির নেতারা বলেন, জলদস্যুদের লুট করা সরঞ্জামের মূল্য কমপক্ষে ২০ লাখ টাকা। ডাকাতিকালে জলদস্যুরা নিজেদের আল-আমিন বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। সোমবার দুপুরে এফবি আল্লার দান নামের ট্রলারের মালিক বেল্লাল হোসেন পাথরঘাটা ট্রলারমালিক সমিতিকে এসব তথ্য দেন।পাথরঘাটা ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, অপহূত ২৫ জনের মধ্যে পাথরঘাটা উপজেলার ছয়জন জেলে রয়েছেন।কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের কাছাকাছি থাকা কোস্টগার্ড সদস্যদের বিষয়টি জানিয়েছি। অপহূত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।’