সাগরে নিখোঁজ ১৩১ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের ১৩১ জেলে নিখোঁজ রয়েছেন। এতে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে ছয়টি মাছ ধরা নৌকা। ট্রলারগুলো হলো কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার মো. আতিক উল্লাহর এফবি শাহ মজিদিয়া, মো. ফারুকের এফবি জাইস উদ্দিন, জাকের উল্লাহর এফবি ফাতেমা, মো. কামালের এফবি সাজ্জাদ, এন্ডারসন সড়ক এলাকার আবুল হোসেনের এফবি রেশমি ও আবুল ফজলের এফবি হাসান।

নিখোঁজ মাঝিমাল্লাদের বাড়ি কক্সবাজার শহরের সমিতিপাড়া, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও কুতুবদিয়া উপজেলায়।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল প্রথম আলোকে বলেন, ২ নভেম্বর ভোরে সমিতিপাড়া থেকে একযোগে চারটি ট্রলারে করে ১২০ জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যান। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সুন্দরবনের সোনারচরের অদূরে ট্রলারগুলো বিকল হয়ে যায়।

নিখোঁজ মাঝিমাল্লাদের পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। শহরের সমিতিপাড়া এলাকার নিখোঁজ মাঝি নুর ছৈয়দের স্ত্রী বলেন, তাঁর স্বামী গত মঙ্গলবার সাগরে গেছেন। এখনো তিনি ফেরেননি। তিন দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এ কারণে তাঁরা উদ্বেগের মধ্যে আছেন।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান নিখোঁজ মাঝিমাল্লাদের দ্রুত উদ্ধারে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন প্রথম আলোকে বলেন, কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি নিখোঁজ ১৩১ জন জেলের নামের তালিকা মৎস্য অধিদপ্তরে পাঠিয়েছে। তালিকার বাইরেও অনেক জেলে নিখোঁজ থাকতে পারেন। মঙ্গলবার সকালের দিকে খবর পাওয়া গেছে, কুতুবদিয়ার কয়েকটি নৌকা নিখোঁজ আছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে নৌবাহিনী ও কোস্টগার্ড নিখোঁজ ১২ জেলেকে উদ্ধার করেছে। তাঁদের চট্টগ্রাম উপকূলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা দিয়ে তাঁদের কক্সবাজার পাঠিয়ে দেওয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন প্রথম আলোকে বলেন, নৌকার মালিক ও জেলে প্রতিনিধির কাছ থেকে পাওয়া হিসাব অনুযায়ী ছয় ট্রলারের ১৩১ জন জেলে এখনো নিখোঁজ। তবে বিচ্ছিন্নভাবে আরও নিখোঁজ থাকতে পারেন।