সাগরে নিখোঁজ ১১ জলদস্যুর সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে ডাকাতি করতে গিয়ে নিখোঁজ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ১১ জলদস্যুর সন্ধান গতকাল শনিবার পর্যন্ত পাওয়া যায়নি। তবে তাদের ট্রলারটি গত বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী বলেন, এখনো নিখোঁজ জলদস্যুদের লাশ অথবা তাদের কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। চকরিয়ার বদরখালী পুলিশ ফাঁড়ি একটি ট্রলার জব্দ করেছে। ওই ট্রলারটি নিখোঁজ হওয়া জলদস্যুরা ডাকাতির কাজে ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর রাতে কুতুবদিয়া দ্বীপের দরবার ঘাট এলাকা থেকে আমান উল্লাহ ওরফে বইল্যার নেতৃত্বে ১২ জন জলদস্যু অস্ত্রশস্ত্র নিয়ে ট্রলারযোগে সাগরে রওনা দেন। ২৪ নভেম্বর সকালে আমান উল্লাহ কুতুবদিয়া দ্বীপের উপকূলে ফিরে এসে জানান, একটি ট্রলারে ডাকাতি করতে গিয়ে তাঁরা গণপিটুনির শিকার হন। এরপর থেকে তাঁর ১১ জন সহযোগী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন দক্ষিণ ধুরং ইউনিয়নের নুর কাদের (৩৫), মোশারফ হোসেন (২৮), ইব্রাহিম (৩৫), শাহজাহান (৩৬), গুনু (৩০), উত্তর ধুরং ইউনিয়নের সিরাজ (৩১), ইকবাল (২৮), লেমশীখালী ইউনিয়নের দলিলুর রহমান (৪৬), কৈয়ারবিল ইউনিয়নের মাসুদ (৩০) ও টুনু (৩২)।