সাগরে নিখোঁজ ৯ জেলে উপকূলে ফিরেছেন
বঙ্গোপসাগরের লাশের ফার নামক এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া নয়জন জেলেকে জলদস্যুরা ছেড়ে দিয়েছে। ওই জেলেদের মাছ ধরার ট্রলারটিও ফিরিয়ে দিয়েছে তারা। গতকাল রোববার ভোরে জেলেরা চট্টগ্রাম ব্রিজঘাটে এসে পৌঁছান।ফিরে আসা জেলেরা হলেন, বাঁশখালী উপজেলার খানকানাবাদ এলাকার রামধন জলদাস (৪৫), তোফাজ্জল (৩৭), আবুল বশর (৩২), নুরুল ইসলাম (৩৬), মৃদুল জলদাস (২৯), রঞ্জন জলদাস (৪৫), গিয়াস উদ্দিন (৩০), সমর জলদাস (৩৮) ও হামিদ উল্লাহ (৩২)। তাঁদের ট্রলারের নাম এফবি রাসেল।রামধন জলদাস বলেন, ‘গত বুধবার রাতে ১৮ থেকে ২০ জন জলদস্যু ছোট একটি নৌকা নিয়ে লাশের ফার এলাকায় আমাদের ট্রলারটি ডাকাতি করে। তারা তখন এ ট্রলারের একটি ক্যাবিনে আমাদের আটকে রাখে। জলদস্যুরা আমাদের ট্রলার নিয়ে গত বৃহস্পতি থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ছোট-বড় আরও ১২টি ট্রলারে ডাকাতি করে।’এ নিয়ে প্রথম আলোয় ৩ ডিসেম্বর ‘সাগরে পাঁচ ট্রলারে ডাকাতি, নয় জেলে নিখোঁজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।