সাগরে নিরাপদে মাছ ধরার দাবি জেলেদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিন দ্বীপ থেকে উত্তরে কুতুবদিয়া পর্যন্ত কক্সবাজারের প্রায় ১২০ কিলোমিটার সমুদ্র উপকূলে জেলেরা কিছুদিন ধরে মাছ ধরতে পারছেন না। সেখানে ১৪টি জলদস্যু বাহিনীর লুটতরাজ ও অপহরণ-বাণিজ্য চলছে। সাগরে নিরাপদে মাছ ধরার পরিবেশ তৈরির দাবিতে গত রোববার কক্সবাজার শহরে জেলে ও ট্রলারের মালিকেরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ১৪টি জলদস্যু বাহিনীর তৎপরতার তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, সম্প্রতি জলদস্যুরা দেশের পুরো সমুদ্রসীমানায় বেপরোয়া হয়ে উঠেছে। গত এক সপ্তাহে জলদস্যুরা এফবি আল শাহজাদ, আসফি, ওমর সাদেক-২, জাওয়াদ, নাজমা, ভাই ভাই, গ্লোব, ফারদিন, ছেনুয়ারা ও উনেজা নামের ১০টি ট্রলারসহ ১৩০ জেলেকে অপহরণ করে। তাঁদেরকে ছাড়িয়ে নিতে কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। কয়েক মাসে কোটি টাকার বেশি মুক্তিপণ দিয়ে ফিরিয়ে আনা হয় ১৭টি মাছ ধরার নৌকাসহ দেড় শতাধিক জেলেকে। জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, কুতুবদিয়ার রমিজ, বাঁশখালীর রবি, মহেশখালীর সোনাদিয়ার সরওয়ার, জাম্বু, আনজু ও সিরাজ বাহিনী এবং সুন্দরবন, হাতিয়া ও ভোলার রাজু, জুলফিকার, মিসটিয়া, কৃঞ্চসাগর, মতলব, গামা, কামাল ও বাঘা নামের জলদস্যু বাহিনীতে অন্তত সাত শতাধিক সদস্য রয়েছে। এদের হাতে কক্সবাজারের সাত হাজার ট্রলারের প্রায় দেড় লাখ জেলে জিম্মি হয়ে পড়েছেন। কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর জানান, গভীর সাগরে নৌবাহিনী ও উপকূলে কোস্টগার্ড টহলে থাকার কথা। তিনি বলেন, ‘আমরা জেলেদের এই সমস্যার কথা সংশ্লিষ্ট মহলকে জানিয়েছি। তারা টহল তৎপরতা জোরদার করবে। পাশাপাশি দস্যুদের ধরতে পুলিশ মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়াসহ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে।’