সাগরে নিরাপদে মাছ ধরার নিশ্চয়তা চান জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বঙ্গোপসাগরে নামলেই জলদস্যুদের কবলে পড়তে হচ্ছে। দুস্যরা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারের ইঞ্জিন, মাছ, জাল, বড়শিসহ অন্যান্য মালামাল লুটে নেয়। আগে দস্যুরা জেলেদের মারধর করে ছেড়ে দিত। আর এখন জেলেদের হাত-পা রশি দিয়ে বেঁধে সাগরে নিক্ষেপ করছে। এতে বহু জেলে হতাহত হচ্ছেন। আমরা নিরাপদে সাগরে নেমে মাছ ধরার নিশ্চয়তা চাই।’কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার গোলচত্বরে গতকাল শুক্রবার শুরু হওয়া উপকূলীয় জেলে উত্সবে জেলার মহেশখালী উপজেলার কুতুবজোমের সাব্বির আহমদ (৪৮) এসব কথা বলেন।গতকাল সন্ধ্যা সোয়া ছয়টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মোমবাতি জ্বালিয়ে তিন দিনব্যাপী এই উত্সবের উদ্বোধন করেন। উপকূলীয় জেলেদের অধিকার সংরক্ষণ, জীবনমানের উন্নয়ন এবং জেলেদের সামগ্রিক জীবনচিত্র বিশ্বব্যাপী তুলে ধরার লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এই উত্সবের আয়োজন করে।এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকায় ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জান মিলার হানসেন, নরওয়ের স্ট্রমি ফাউন্ডেশনের রিজিওনাল ডাইরেক্টর নিমল মার্টিনাস, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রীনা রায়, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, কোডেকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম প্রমুখ।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, জেলেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিক। জেলেদের আর্থিক উন্নতির লক্ষ্যে সরকার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে। অচিরেই এর সুফল ভোগ করবেন উপকূলের জেলেরা।নুনিয়াছটা গ্রামের জেলে আবদুল নবী (৫১) জানান, পাঁচ-ছয় মাস ধরে উপকূলের কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, ইনানী, টেকনাফ ও সেন্ট মার্টিন এলাকার সাগরে সাত-আটটি দস্যুবাহিনী তত্পর রয়েছে। মাঝে মাঝে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল নজরে পড়লেও তারা গভীর সাগরে যায় না বলে তিনি অভিযোগ করেন। টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে আসা জেলে আবদুল মতলব (৪৫) জানান, দস্যুদের হামলায় কোনো জেলের মৃত্যু হলে তাঁর পরিবার কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পায় না। সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মামুনপাড়ার জেলে মোহাম্মদ রফিক (৩৮) জানান, জেলার প্রায় আট হাজার ট্রলারে অন্তত এক লাখ ৩০ হাজার জেলে সাগরে মাছ ধরেন। এর মধ্যে অন্তত ৭০ হাজার মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বরিশাল সদর থেকে আসা জেলে মো. বাবুল হাওলাদার (৫৬), এনামুল হক (৪৫), খলিলুর রহমান (৪৭), পিরোজপুরের উত্তর পোরগোলা গ্রামের মীর আশরাফ আলী (৫২) জানান, সাগরে নামলে জলদস্যুদের কবলে পড়ে সবকিছু হারাতে হয়। বলশ্বের নদে বন বিভাগের কর্মীরা চাঁদার দাবিতে জেলেদের হয়রানি ও নির্যাতন করেন।কক্সবাজার শহরের নুনিয়াছটার ট্রলার মালিক সালামত উল্লাহ (৩৫) জানান, ৮ ডিসেম্বর রাতে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে দস্যুরা তাঁর একটি ট্রলারের ১৭ জন জেলেকে হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করে মাছ, ইঞ্জিন, জালসহ ২৫ লাখ টাকার মালামাল লুট করে। গতকাল শুক্রবার পর্যন্ত নিখোঁজ জেলেদের সন্ধান পাওয়া যায়নি। দুই বছর আগে দস্যুরা একই স্থানে ট্রলারে বরফ রাখার একটি কক্ষে ১৪ জন জেলেকে আটকে রেখে হত্যা করে। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, গত বছর (২০০৯) দস্যুদের হাতে ৩৮ জন জেলের মৃত্যু হয়েছে। গত ১০ বছরে মারা গেছেন অন্তত ৩০০ জেলে। আহত হন কয়েক হাজার জেলে। তাই জেলেরা এখন নিরাপদে মাছ ধরার নিশ্চয়তা চাইছেন।