সাগরে নিশ্চিহ্ন হচ্ছে ঝাউবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপকূলে সাগরের জোয়ার-ভাটার টানে বিস্তীর্ণ এলাকার বেড়িবাঁধ নিশ্চিহ্ন হওয়ার পর এবার ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঝাউবন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। প্রতিদিন জোয়ার-ভাটার টানে ঝাউগাছের গোড়ার মাটি সাগরে তলিয়ে গিয়ে উপড়ে পড়ছে গাছ।
সূত্র জানায়, উপড়ে পড়া এসব ঝাউগাছ সাগরে ভেসে যায়। এ ছাড়া অনেক গ্রামবাসী লাকড়ি হিসেবেও উপড়ে পড়া গাছ ব্যবহার করেন। কিছু কিছু এলাকায় বন বিভাগের কর্মকর্তারা সাগরে ভেসে যাওয়া গাছ উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের জিম্মায় রাখেন।
বাঁশখালী উপকূলের খানখানাবাদ, বাহারছড়া, গন্ডামারা, সরল, ছনুয়া ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে ঝাউগাছ সাগরে তলিয়ে যাচ্ছে। খানখানাবাদের ২ নম্বর ওয়ার্ডের কদমরসুল গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মাবুদ বলেন, কদমরসুল গ্রামে এখনো বিশাল ঝাউবন রয়েছে। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণ করা না হলে সাগরের জোয়ার-ভাটার টানে ঝাউগাছ নিশ্চিহ্ন হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউছুফ, আবু বক্কর, হেলাল উদ্দিন, ইদ্রিস আহম্মদ, মোক্তার আহম্মদ ও জাহাঙ্গীর বলেন, উপকূলে বেড়িবাঁধ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। অরক্ষিত বেড়িবাঁধের কারণে প্রতিদিন জোয়ার-ভাটায় ঝাউবন ডুবে থাকে। এতে গাছের গোড়ার মাটি নরম হয়ে সাগরে ভেসে যায়। পরে ঝাউগাছ উপড়ে পড়ে।
উপকূলীয় বন বিভাগের উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা আবদুল মোতালেব এবং রত্নপুর বিটের ফরেস্টার আবদুর ছামাদ বলেন, বেড়িবাঁধ না থাকায় জোয়ার-ভাটার পানি সরাসরি গাছে আঘাত করছে। সাগরের পানির স্রোতে প্রতিদিনই ঝাউগাছ পড়ে যাচ্ছে। দুর্গম উপকূলে লোকবলের অভাবে সঠিকভাবে তদারক করা সম্ভব হচ্ছে না।