সাগরে নেই ইলিশ, ডাঙায় দাদনের তাড়া
এখন ইলিশের ‘ভরা মৌসুম’। মধ্য শ্রাবণেও সাগর বা নদীতে ইলিশের দেখা মিলছে না। গভীর সাগরে মাছ ধরার নিষ্ফল চেষ্টার পর শূন্য হাতে ফিরছেন পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী উপকূলের জেলেরা; কাটাচ্ছেন অলস সময়।উপার্জনহীন এসব পরিবারে তাই চলছে অভাব-অনটন। তা ছাড়া যেসব জেলে মহাজনের কাছ থেকে দাদন নিয়েছিলেন, ইলিশ ধরা না পড়ায় মহাজনের টাকা কীভাবে শোধ করবেন, সেই চিন্তায় তাঁদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।মৎস্য গবেষণা ইনস্টিটিউট কলাপাড়ার জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আজিম উদ্দিন বলেন, ‘ইদানীং গবেষণা করে দেখা গেছে, ইলিশের চলাচলের যে গতিপথ রয়েছে, আবহাওয়ার পরিবর্তনের কারণে পলি পড়ে সেই সব গতিপথ ভরাট হয়ে গেছে। এ কারণে মা মাছগুলো অন্যবারের তুলনায় ডিম ছাড়ার জন্য মোহনায় আসতে পারেনি। তাই ইলিশের প্রজনন কম হয়েছে। তা ছাড়া, এ বছর গরমও বেশি পড়েছে। যেসব এলাকায় ইলিশ ডিম পারবে, সেই সব এলাকায় পানির তাপমাত্রা বেশি ছিল। মা মাছ যে ডিম ছেড়েছে, পানির অতিরিক্ত তাপমাত্রার কারণে সেই ডিম থেকে বাচ্চা পরস্ফুিটনের হার কম হয়েছে। এ দুটি কারণে ইলিশের প্রজনন বাড়েনি। তাই এ বছর অন্যবারের তুলনায় কম ইলিশ ধরা পড়ছে।’বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী (৫২) বলেন, ‘আমার বয়সে ইলিশের এমন আকাল কখনো দেখিনি।’ স্থানীয় জেলেরা জানান, মূলত জুন থেকেই ইলিশের ভরা মৌসুম ধরা হয়। এই সময়টাতে জেলেপাড়াগুলোতে থাকে সবচেয়ে বেশি ব্যস্ততা। ইলিশের প্রাচুর্যে উপকূলজুড়ে থাকে উৎসবের আমেজ। সারা বছরের মধ্যে এই মৌসুমেই সাধারণত জেলেদের ঘরে সচ্ছলতা থাকে। ইলিশ বিক্রি করেই তাঁরা দাদন-ঋণ পরিশোধ করেন। জেলেরা এই মৌসুমের জন্য অধীর অপেক্ষায় থাকেন। কিন্তু এবারের চিত্র উল্টো। ভরা মৌসুম যাচ্ছে, কিন্তু ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। আমতলীর পায়রা নদীতেও মাসাধিককাল সময় ধরে জেলেরা ইলিশ পাচ্ছেন না। গুলিশাখালী গ্রামের জেলে ইব্রাহীম মিয়া বলেন, ‘নদীতে মাছ পাইতেছি না। জালে খালি চেউয়া (লাল দগরি মাছ) ধরা পড়ছে। খামু কী? না খাইয়াই মরতে অইবে। প্যাডে পাথর বান্দোন ছাড়া এবার আর কোনো উপায় নাই।’ তালতলী উপজেলার সকিনা এলাকার জেলে আবদুর রহমান ফরাজী (৭০) বলেন, ‘জ্যৈষ্ঠ থেকে আশ্বিন মাস তামাইত অইছে ইলিশ মাছের ভরা মৌসুম। কিন্তু এ বছর ইলিশ মৌসুমের আড়াই মাস পারাইয়া গেলেও সাগরে জাইল্যাগো জালে খুবই কম ইলিশ ধরা পড়ছে। হতাশ অইয়া জাইল্যারা সাগর-নদীগোনে ফির্যা আইতেছে।’ কলাপাড়ার লালুয়া ইউনিয়নের জেলে নসা মিয়া বলেন, ‘গেল সপ্তায় জাল-নৌকা লইয়া সাগরে নামছেলাম। দুউডা খেওতে মাত্র পাঁচটা মাছ পাইছি। সাগরে মাছ ধরনে যাইতে যে খরচ অইছে, হেইয়াও তো পাইলাম না।’উপকূলের অনেক জেলের মতোই তালতলীর গাববাড়িয়া গ্রামের হারুন মিয়া মহাজনের কাছ থেকে দাদন নিয়েছিলেন (৭৫ হাজার টাকা)। তিনি বলেন, ‘মাছের লগে দ্যাহা নাই। হেইয়ার মধ্যে মহাজনরা দাদনের টাহার লাইগ্যা আইয়া খাড়াইয়া থাহে।’ আমতলী ও কলাপাড়া উপকূলের কয়েক হাজার জেলে একই ধরনের সমস্যায় আছেন।