সাগরে নেমে গেল ১ হাজার কচ্ছপের বাচ্চা
তিন দিন বয়সী এক হাজার ৪৬টি কচ্ছপের বাচ্চা গতকাল সোমবার বিকেলে প্রতিযোগিতা দিয়ে নেমে গেল বঙ্গোপসাগরে। তিন মাস আগে গভীর সমুদ্র থেকে এসে মা-কচ্ছপ সৈকতের বালুচরে ডিম দিয়েছিল। সেই ডিম হ্যাচারিতে সংগ্রহ করে এই বাচ্চা ফোটানো হয়।সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (সিবিএইসিএ) প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর ও নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) কক্সবাজার সমুদ্রসৈকতের ছয়টি স্থানে ছয়টি হ্যাচারি তৈরি করে কচ্ছপের ডিম সংগ্রহ করছে। এর মধ্যে গতকাল বিকেলে টেকনাফের মহেশখালীয়াপাড়া ও কক্সবাজার সুগন্ধা পয়েন্টের দুটি হ্যাচারি থেকে এক হাজার ৪৬টি কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়। টেকনাফ, শাহপরীর দ্বীপ, প্যাঁচার দ্বীপ, সোনাদিয়ার আরও কয়েকটি হ্যাচারিতে প্রায় ১৮ হাজার কচ্ছপের ডিম সংরক্ষিত রয়েছে। কিছুদিনের মধ্যে এসব ডিম থেকে বাচ্চা ফুটবে। এর সত্যতা নিশ্চিত করে নেকমের জেলা মাঠব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, শত শত মাইল সমুদ্র পাড়ি দিয়ে মা-কচ্ছপগুলো কক্সবাজারের সোনাদিয়া, নাজিরারটেক, প্যাঁচারদিয়া, টেকনাফ সমুদ্রসৈকতে ডিম দিতে আসে। কিন্তু সৈকতের লোকচলাচল, আলো ও লোকজনের হইচইয়ের কারণে বহু কচ্ছপ ডিম না দিয়ে ফিরে যায়। আবার বালুচরে ডিম দিলেও শিয়াল, কুকুর, গুইসাপ খেয়ে ফেলে। কিছু লোক সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহে করে চড়া মূল্যে উপজাতীয়দের কাছে বিক্রি করে। এসব প্রতিরোধ করে বালুচর থেকে ডিমগুলো সংগ্রহ করে হ্যাচারিতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, সোনাদিয়া, নাজিরারটেকসহ বিভিন্ন সমুদ্রসৈকতের বালুচরে মা-কচ্ছপ যেন নিরাপদে ডিম পাড়তে পারে, তার জন্য সরকার বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। পরিবেশ অধিদপ্তর নেকমের মাধ্যমে তার বাস্তবায়ন করছে।