সাগরে নৌকা-জেলে আটকে রেখে মুক্তিপণের দাবি
পটুয়াখালীর অদূরে বঙ্গোপসাগরের সোনারচর এলাকার আশপাশে গত রোববার এক দিনেই মাছ ধরার পাঁচটি নৌকা আটক করেছে জলদস্যুরা। এসব নৌকা থেকে দুজন করে মোট ১০ জন জেলেকেও জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছে তারা। একটি নৌকা লক্ষ্য করে জলদস্যুরা গুলি ছুড়লে সোলেমান (৫০) ও হুমায়ুন (৩৫) নামের দুজন আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলদস্যু আতঙ্কে সাগরে নৌকা নিয়ে যেতে ভয় পাচ্ছেন জেলেরা।আটক নৌকার মাঝি-মাল্লারা ফিরে এসে গতকাল সোমবার চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় প্রথম আলোর কাছে ঘটনার বিবরণ দেন। আটক পাঁচটি নৌকা হচ্ছে এফবি মা-৪, এফবি মা, এফবি হাজি আলী আহমদ, এফবি মা লায়লা ও এফবি মায়ের আদর।ফিরে আসা জেলেরা জানান, আটক পাঁচ নৌকার দুজন করে জেলেকে জিম্মি করে রেখে অন্যদের ছেড়ে দেওয়া হয় মুক্তিপণের টাকা পৌঁছে দেওয়ার জন্য। ছেড়ে দেওয়া মাঝি-মাল্লাদের হাতে একটি চিরকুটে মুঠোফোন নম্বর লিখে দেওয়া হয়েছে। ওই নম্বরে যোগাযোগ করে মুক্তিপণের টাকা পৌঁছে দিতে বলা হয়েছে। না হলে জিম্মিদের মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। সূত্রমতে, প্রতিটি নৌকা থেকে জলদস্যুরা আট থেকে ১০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সালামত উল্লাহ ওরফে দুলাল মাঝি বলেন, ‘ইলিশের এ ভরা মৌসুমে ধারে-কাছের কোথাও মাছ না পেয়েই জেলেদের এত দূরে আসতে হয়। কিন্তু জলদস্যুদের তাড়া খেয়ে যাঁরা ফিরে এসেছেন, তাঁদের পরিবারে এখন কান্নার রোল পড়েছে। কারণ এ মৌসুমে খালি হাতে ফিরে আসা মানে নিঃস্ব হয়ে যাওয়া।’সালামত জানান, রোববার সোনারচরে জাল ফেলার কিছুক্ষণ পর তিনি গুলির শব্দ শুনতে পান। পরে জলদস্যুদের হামলার বিষয় নিশ্চিত হয়ে তিনি জাল ফেলে তাঁর নৌকা নিয়ে দ্রুত সরে আসেন। এ সময়ে তিনি দূর থেকে জলদস্যুদের দেখতে পান। চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি মো. আমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘জেলে ও ব্যবসায়ীদের জন্য সাগর নিরাপদ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেব।’