সাগরে পড়ে প্রকৌশলী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী জাহাজে ওঠার সময় সাগরে পড়ে এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। গত সোমবার দুপুরে তিনি নিখোঁজ হন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি।
নিখোঁজ প্রকৌশলী হাফিজুর রহমানের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায়। তিনি কবির গ্রুপে শিক্ষানবিশ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
বন্দর ও পুলিশ সূত্র জানায়, কবির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের ‘এমভি জাহান ব্রাদার্স’ নামের একটি জাহাজে যোগদানের জন্য সোমবার সাগরে রওনা হন হাফিজুর। স্পিডবোটের সাহায্যে জাহাজের কাছে পৌঁছে রশি বেয়ে জাহাজে ওঠার সময় অসাবধানতার কারণে তিনি পানিতে পড়ে যান।
পতেঙ্গা থানার ওসি কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর সাগরে কোস্টগার্ড অনুসন্ধান চালিয়েছে। পুলিশ এ অনুসন্ধান কার্যক্রমে সহায়তা করে। তবে এখনো প্রকৌশলীর খোঁজ পাওয়া যায়নি।