সাগরে পাঁচ ট্রলারে ডাকাতি নয় জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের লাশের ফাঁর নামক স্থানে গত বুধবার রাতে মাছ ধরার পাঁচটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে এফবি রাসেল ফিশিং ট্রলার ও নয়জন জেলেকে ধরে নিয়ে গেছে জলদস্যুরা।প্রত্যক্ষদর্শী জেলেদের সূত্রে জানা যায়, বুধবার রাতে বঙ্গোপসাগরের লাশের ফাঁরে মাছ ধরার সময় বাঁশখালী উপজেলার খানকানাবাদ এলাকার হেলাল কোম্পানির এফবি রাসেল ফিশিং ট্রলারে ডাকাতি হয়। ট্রলারে নয়জন জেলে ছিলেন। দস্যুরা ট্রলারসহ তাঁদের নিয়ে আরও চারটি ট্রলারে ডাকাতি করে। ট্রলারগুলো হলো বাঁশখালী উপজেলার সুভ্রত জলদাসের এফবি মা-গঙ্গা, একই উপজেলার শেখের কিলের শামসুল হকের এফবি নয়নতারা, চট্টগ্রাম ব্রিজঘাট এলাকার আহাম্মদ নুর কোম্পানির এফবি সোহেল ও কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মুছা আলীর এফবি ফাতেমা।জলদস্যুদের কবল থেকে ফিরে আসা এফবি মা-গঙ্গা ট্রলারের জেলে মনোরঞ্জন জলদাস বলেন, ছোট একটি ট্রলার নিয়ে ১৮-২০ জনের একদল দস্যু বুধবার গভীর রাতে মাছ ধরা অবস্থায় তাদের ট্রলারে হামলা চালায়। ডাকাতের দল জাল, মাল, মাছসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।এফবি রাসেলের মালিক হেলাল উদ্দিন মুঠোফোনে বলেন, তাঁর ট্রলারের নয়জন জেলেকে জলদস্যুরা ধরে নিয়ে গেছে। জেলেরা হলেন বাঁশখালী উপজেলার খানকানাবাদ এলাকার রামধন জলদাস (৪৫), তোফাজ্জল (৩৭), আবুল বশর (৩২), নুরুল ইসলাম (৩৬), মৃদুল জলদাস (২৯), গীতারঞ্জন জলদাস (৪৫), গিয়াস উদ্দিন (৩০), সমর জলদাস (৩৮) ও হামিদ উল্লাহ (৩২)। এ ব্যাপারে চট্টগ্রামের বন্দর থানায় ও কক্সবাজারের পেকুয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।চট্টগ্রাম ব্রিজঘাট ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি সেলিম উদ্দিন জানান, ১৫ দিন ধরে সাগরে জলদস্যুদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ১৫ নভেম্বর থেকে এ পর্যন্ত অর্ধশত ট্রলারের জাল, মাছ, মাল নিয়ে গেছে জলদস্যুরা। এতে জেলেদের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী বলেন, তালিকাভুক্ত জলদস্যুরা গা ঢাকা দিয়েছে। সাগরে ১১ জন জলদস্যু নিখোঁজ হওয়ার পর পুলিশের কাছ থেকে বাঁচার জন্য অন্য জলদস্যুরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। জলদস্যুদের ধরার জন্য চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে দস্যুতা হলে পুলিশের কিছু করার নেই। নৌবাহিনী ও কোস্টগার্ড জলদস্যুতা দমন করতে পারে। সাগরে টহল দেওয়ার মতো নৌযান পুলিশের নেই।