সাগরে পাঁচ দিনে ১৪ ট্রলারে জলদস্যুদের লুটপাট
কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলে গতকাল বুধবার ভোরে একটি মাছ ধরার ট্রলারে জলদস্যুরা লুটপাট চালিয়েছে। এ ছাড়া পিটিয়ে ১২ জন জেলেকে আহত করা হয়েছে।বোট মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত পাঁচ দিনে সাগর উপকূলে অন্তত ১৪টি মাছ ধরার ট্রলারে লুটপাট হয়েছে। জলদস্যুরা পিটিয়ে অন্তত ৬০ জন জেলেকে আহত করেছে।ভুক্তভোগী একাধিক জেলে প্রথম আলোকে জানান, জলদস্যুদের ৩৫-৪০ জনের দল একাধিক ট্রলারে এসে প্রথমে মাছ ধরার ট্রলার ঘেরাও করে। তারপর ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায়। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে জেলেদের জিম্মি করে মাছ ও জাল লুট করে নিয়ে যায়। বাধা দিলে জেলেদের মারধর করা হয়।বোট মালিক সমিতি সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সদর উপজেলার বাংলারবাজার গ্রামের আমির সুলতানের একটি মাছ ধরার ট্রলার সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়ে। দস্যুরা ওই ট্রলারের অন্তত পাঁচ লাখ টাকার ইলিশসহ জাল লুট করে নিয়ে যায়। ১২ জন জেলেকে পিটিয়ে আহত করে তারা।১৪ মে ভোরে সোনাদিয়া চ্যানেলে শহরের নুনিয়াছটার আবদুর রশিদের মালিকানাধীন একটি, বজলুল করিমের একটি, নুরুল আবছারের দুটি ট্রলার জিম্মি করে প্রায় ১২ হাজার ইলিশসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। এ সময় দস্যুদের প্রহারে ২৯ জন জেলে গুরুতর আহত হন।১৫ মে সন্ধ্যায় টেকনাফ, সেন্ট মার্টিন, বাহারছড়া ও মনখালী উপকূলে স্থানীয় মালিকদের ছয়টি এবং ১৬ ও ১৭ মে গভীর রাতে মহেশখালীর সোনাদিয়া ও ধলঘাটা উপকূলে চট্টগ্রামের তিনটি ট্রলারে লুটপাট চালিয়েছে জলদস্যুরা।কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, কুতুবদিয়া থেকে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার সাগরে জলদস্যুদের উপদ্রব আশঙ্কাজনভাবে বেড়ে গেছে। জলদস্যুরা গত পাঁচ দিনে জেলার বিভিন্ন এলাকার ১৪টি ট্রলারে হানা দিয়ে কোটি টাকার মাছ ও জাল লুট করে নিয়ে গেছে।সমিতির সহসভাপতি নুরুল ইসলাম বলেছেন, গভীর সাগরে মাছ ধরা শেষে শহরে ফেরার পথে ট্রলারগুলো জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুদের উৎপাতের কারণে সাগরে প্রায় ছয় হাজার ট্রলারের ৮০ হাজার জেলে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। গত সোমবার শহরের নুনিয়াছটায় কক্সবাজার বোট মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ট্রলারের মালিকেরা দস্যুদের উপদ্রব বন্ধে নৌবাহিনী ও পুলিশের টহল জোরদারের দাবি জানান।সমিতির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, নৌবাহিনীর অনুপস্থিতিতে সাগরে দস্যুরা বেপরোয়া হয়ে পড়েছে। নৌপুলিশ না থাকায় দস্যুদের বিরুদ্ধে থানায় মামলাও করা যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, সাগরে নেমে দস্যুদের পাকড়াও করার মতো আধুনিক জলযান পুলিশের নেই। প্রতিরোধ করতে মহেশখালী ও কুতুবদিয়া চ্যানেলে নৌপুলিশ ফাঁড়ি স্থাপনের চেষ্টা চলছে।টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রণজিত বড়ুয়া জানান, সাগরে নামার জলযান পুলিশের না থাকলেও উপকূলে দস্যুদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।