সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
পূর্বাকাশে সূর্য উঁকি দিতেই পুণ্যার্থীরা দেবতাকে প্রণাম জানান। নারীরা উলুধ্বনি দিয়ে নেমে পড়েন সাগরে পুণ্যস্নানে। মোম ও আগরবাতি জ্বালিয়ে অর্ঘ্য দান করেন গঙ্গাদেবীকে। পরে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। এভাবেই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় তিন দিনের রাস উৎসবের সমাপ্তি ঘটে। কুয়াকাটায় রাস উৎসবে এবার প্রায় ৫০ হাজার পুণ্যার্থী ও দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটেছিল। ঠিক কবে কুয়াকাটায় রাস উৎসবের সূচনা হয়েছিল সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এলাকার বয়োজ্যেষ্ঠরা জানান, কয়েক শ বছর আগে থেকে কুয়াকাটা হিন্দুধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত। তখন থেকেই এখানে পুণ্যস্নান হয়ে আসছে। পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়ার আগে রাস উৎসবের অন্য পর্বগুলো অনুষ্ঠিত হতো ২২ কিলোমিটার দূরে খেপুপাড়া সদরের শ্রীশ্রীমদন মোহন রাধাগোবিন্দ মন্দিরে। কুয়াকাটার সাগরসৈকতে শুধু স্নানের পর্বটি সারতেন পুণ্যার্থীরা। পুরাণমতে, মাসব্যাপী শারদীয়া কাত্যায়নী পূজা শেষে পূর্ণিমাতেই শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে রাসনৃত্যে মেতেছিলেন। সেই থেকে এই উৎসব। ধর্মমতে, যেহেতু গঙ্গার জল সমুদ্রে মিশেছে, তাই পূর্ণিমা তিথিতে সাগরস্নানে অংশ নিলে পাপ মোচন হবে। রাস উৎসব ও মেলায় যোগ দিতে গত শুক্রবার থেকে সড়ক ও নৌপথে লোকজন আসতে থাকে। শনিবার বিকেলে পুরো কুয়াকাটা জনারণ্যে পরিণত হয়। কুয়াকাটার হোটেল-মোটেল, গেস্ট হাউসগুলো আগেই পরিপূর্ণ হয়ে যায়। বেশির ভাগ মানুষই শামিয়ানা টানানো বিভিন্ন ধর্মসংঘের আশ্রমে বা নিজেদের ব্যবস্থাপনায় রোববারের ভোরের জন্য অপেক্ষা করতে থাকে। কুয়াকাটা শ্রীশ্রীরাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের ব্যবস্থাপনায় এ উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। উৎসব উদ্যাপন কমিটির সভাপতি বিপুল হাওলাদার জানান, ঈদুল আজহার তিন দিনের ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের ছুটি যোগ হওয়ায় কুয়াকাটায় এ বছর দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবার সহযোগিতায় উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।