সাগরে ফেলে জেলে হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
বরগুনায় সাগরে ফেলে দুই জেলেকে হত্যার দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন বাবুল মাঝি ও রুস্তম আলী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১২ জন হলেন ফজলু হাওলাদার, আবদুল খালেক, মনিরুল ইসলাম, আবদুর রহিম, বাবুল মিয়া, কুট্টি মিয়া, বাদল মিয়া, আবু হানিফ, আবুল বাশার, মো. রিয়াজ, খোকন মিয়া ও সেন্টু মিয়া। অার সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম হাবিবুর রহমান। আসামিদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার গুলিশাখালী গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি বরগুনা সদরের গুলিশাখালী গ্রাম থেকে ১৭ জন জেলে এফবি মদিনা-২ নামের একটি ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। পরের দিন ২৪ ফেব্রুয়ারি দুই জেলে ফারুক সরদার ও আয়নাল হোসেনকে পিটিয়ে জখম করা হয়। পরে তাঁদের দুজনকে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেওয়া হয়। সাত দিন পর তাঁদের লাশ নিয়ে ফিরে আসেন অন্য জেলেরা। জলদস্যুদের পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে বলে বরগুনায় থানায় মামলা করেন তাঁরা। কিন্তু বিষয়টি নিয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের সন্দেহ হলে ওই বছরের ৬ মার্চ আয়নালের ভাই জয়নাল হোসেন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন। পরে আসামি বাবুল মাঝি ও রুস্তুম আলী পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেন।
রায় ঘোষণার পর ন্যায়বিচার পেয়েছেন বলে জানান মামলার বাদী জয়নাল হোসেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আক্তারুজ্জামান বাহাদুর। তিনি বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর আমরা ন্যায়বিচার পেয়েছি।’ রায় দ্রুত কার্যকর হবে বলে তাঁর আশা।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী জিয়া উদ্দীন। রায় ঘোষণার পর তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাব।’