
গাঢ় নীল জলরাশি কেটে জাহাজ চলেছে ঝড়ের গতিতে। কক্সবাজারকে পেছনে ফেলে আমরা চলেছি সমুদ্রের দিকে, গভীর থেকে গভীরে। মহীসোপান অতিক্রম করছি, ভূমি থেকে দূরত্ব বাড়ছেই।
এরই মধ্যে গত মঙ্গলবার দুপুরে গভীর সাগরে হঠাৎ একটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগে। বিপৎসংকেত পাঠানো হয় স্যাটেলাইটে। খবর চলে যায় নৌবাহিনীর সদর দপ্তরে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের (আইওএনএস) কাছে। আইওএনএসের দপ্তর থেকে বলা হলো, দ্রুত জাহাজের আগুন নেভাতে হবে।
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘রণভীর’ দুর্ঘটনাকবলিত জাহাজটির কাছেই ছিল। আইওএনএসের নির্দেশ পেয়ে ক্যাপ্টেন রাজীব অশোক এগিয়ে আসেন আগুন নেভাতে। একটু দূরে ছিল ফ্রিগেট বিজয় ও ফ্রিগেট ধলেশ্বরী। এগিয়ে যায় তারাও।
এটা সত্যি কোনো দুর্ঘটনা নয়। ‘মাল্টিল্যাটারাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এক্সারসাইজ’—ইমসারেক্স নামে দুই দিনের যে সমুদ্র মহড়া শুরু হয়েছে, এটা ছিল তারই অংশ। এই মহড়ায় আটটি বিদেশি জাহাজসহ ৪১টি জাহাজ অংশ নেয়।
মহড়া দেখতে একদল সাংবাদিককে তোলা হয়েছে দেশের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’–এ। ৩ হাজার ৩০০ টনের এই জাহাজটি লম্বায় ৩৭৮ ফুট। যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পাওয়া এই জাহাজ থেকেই নিয়ন্ত্রণ করা হয় পুরো সমুদ্র মহড়ার কার্যক্রম। সহকারী নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল শাহিন ইকবাল জাহাজের ব্রিজে (যে স্থান থেকে জাহাজ চালানো হয়) বসে নির্দেশনা দেন। তাঁকে সহায়তা করেন ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক।
মহড়া শুরুর আগে সোমবার গভীর রাতে অতিথিদের জাহাজে তোলা হয় ইনানীর রিজু খালের জেটি ঘাট থেকে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শুরু হয় প্রথম মহড়া। এর আগে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন রাশেদ সাত্তার মহড়া সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বঙ্গোপসাগরের সীমানায় অবস্থিত দেশগুলোকে আইওএনএসের এক ছাতার নিচে আনা হয়েছে। এতে করে সমুদ্রে বাংলাদেশের অবস্থান যেমন সুদৃঢ় হবে, তেমনি দুর্ঘটনায় সবাই একসঙ্গে কাজ করতে পারবে।
দ্বিতীয় মহড়াটি শুরু হয় মঙ্গলবার বিকেলে। তৃতীয় মহড়া শুরু হয় বুধবার সকাল থেকে। এভাবে শেষ হয়ে যায় দুই দিনের মহাসম্মিলন।
এতক্ষণে বাংলাদেশের সীমানার কাছাকাছি আমরা চলে এসেছি। এবার বিদেশি জাহাজের বিদায় নেওয়ার পালা। প্রথম বাঁশি বাজানো হয়। পতাকা নাড়িয়ে এক দেশ অন্য দেশকে শুভেচ্ছা ও বিদায় জানায়। দূরত্বের কারণে কথা হয় পতাকার ভাষায়—‘দেখা হবে বন্ধু...’। মনোমুগ্ধকর এই মহড়া এভাবেই বুধবার বিকেলে শেষ হয়। সাগর থেকে অতিথিরাও ঘরে ফিরতে শুরু করেন উল্টো পথে সৈকতের দিকে।