সাগরে বিলীন হচ্ছে ঝাউবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​মহেশখালীর সোনাদিয়া দ্বীপের দক্ষিণ অংশে গোড়ার মাটি সরে বিলীন হচ্ছে ঝাউগাছ। ছবিটি গত ২৬ মে দুপুরে তোলা l প্রথম আলো
​মহেশখালীর সোনাদিয়া দ্বীপের দক্ষিণ অংশে গোড়ার মাটি সরে বিলীন হচ্ছে ঝাউগাছ। ছবিটি গত ২৬ মে দুপুরে তোলা l প্রথম আলো

গত মাসে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটার চরপাড়া ও সোনাদিয়ার বালুচরে সৃজিত ছোট-বড় প্রায় ৫০ হাজার ঝাউগাছ উপড়ে পড়েছিল। প্রবল জলোচ্ছ্বাসের কারণে গোড়ার মাটি সরে যাওয়ায় এখনো বহু ঝাউগাছ হুমকির মুখে। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
উপকূলীয় বন বিভাগ গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে পড়ে উপকূলে বালুচর এলাকায় সৃজিত ঝাউবাগান লন্ডভন্ড হয়ে যায়। এতে সাগরে বিলীন হয়ে গেছে সোনাদিয়ার প্রায় ৫০ হাজার ঝাউগাছের চারা, ৫০০টি ঝাউগাছ এবং গোরকঘাটা হামিদারদিয়া চর এলাকার ১৬টি বড় ঝাউগাছ। এতে বন বিভাগের ক্ষতি হয়েছে প্রায় ২২ লাখ টাকা।
গত ৩১ মে গোরকঘাটার চরপাড়া হামিদারদিয়া এলাকায় গিয়ে দেখা গেছে, এখানে ১৬টির মতো বড় ঝাউগাছের গোড়া থেকে মাটি সরে গেছে। হেলে পড়া ঝাউগাছগুলোর পাতা লাল হয়ে মরে যাচ্ছে।
গোরকঘাটা সদরের বিট কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর সময় জলোচ্ছ্বাস আর সাগরের উত্তাল ঢেউরের কবলে পড়ে গাছের গোড়া থেকে বালু সরে গেছে। এ কারণে বেশ কিছু বড় ঝাউগাছ উপড়ে পড়েছে।
একই অবস্থা সোনাদিয়ার দক্ষিণে বালুচরের সৃজিত ঝাউবাগানের। ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে পড়ে এখানকার ২০ হেক্টরের প্রায় ৫০ হাজার ঝাউগাছের চারা সাগরে বিলীন হয়ে গেছে বলে বন বিভাগ জানায়।
বন বিভাগের সোনাদিয়া বিট কর্মকর্তা শেখ রেজা লতিফ বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুতে ঝাউগাছের ব্যাপক ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসের কবলে পড়ে সোনাদিয়া এলাকার ৫০ হাজার ঝাউগাছ ও ঝাউগাছের চারা বিলীন হয়ে যায়। উপড়ে পড়া ঝাউগাছের চারাগুলো সংরক্ষণ করার জন্য বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।