সাগরে ভাসছে কালো তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাট এলাকায় সাগরের পানিতে ভাসছে কালো তেল। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাট এলাকায় সাগরের পানিতে ভাসছে কালো তেল। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাট এলাকায় সমুদ্রের পানিতে ভাসছে কালো তেল। স্থানীয় বাসিন্দা ও জেলেদের ধারণা, ওই তেল আশপাশের কোনো জাহাজভাঙা কারখানা থেকে ছাড়া হয়েছে। ভাসমান তেলের কারণে ওই উপকূলজুড়ে উৎকট গন্ধ ছড়িয়ে পড়েছে।

গতকাল বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ভাটায় উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাওয়া পানিতে গাঢ় কালো রঙের পরিত্যক্ত তেল ভাসছে। জেটি এলাকা থেকে দুদিকে যত দূর চোখ যায় পানিতে শুধু কালো তেল। উৎকট গন্ধে কুমিরা ফেরিঘাট জেটিতে বেড়াতে আসা মানুষজন নাকে হাত চেপে ঘুরছিলেন।

স্থানীয় বাসিন্দা নুর উদ্দিন বলেন, বুধবার সকাল থেকে জোয়ার-ভাটার পানিতে তেল ভাসতে দেখা গেছে। আশপাশের কোনো জাহাজভাঙা কারখানা বর্জ্য তেলগুলো ছেড়েছে। পুরো উপকূল এলাকার পানি, মাটি, বাতাস দুর্গন্ধ হয়ে গেছে।

ফেরীঘাটের আশপাশে কমপক্ষে সাতটি জাহাজভাঙা কারখানা রয়েছে। এর মধ্যে ঘাটের সঙ্গে লাগোয়া রয়েছে কে আর শিপব্রেকিং ইয়ার্ড ও ডব্লিউ ডব্লিউ শিপব্রেকিং ইয়ার্ড নামের দুটি জাহাজভাঙা কারখানা। ওই কারখানাগুলোতে দুটি জাহাজও কাটা হচ্ছে। তবে বর্জ্য তেল ছাড়ার অভিযোগ অস্বীকার করেছে কারখানা দুটির কর্তৃপক্ষ।

পানিতে ভাসতে থাকা বর্জ্য তেল তাঁদের নয় দাবি করেন কে আর শিপব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সেকান্দার হোসেন প্রথম আলোকে বলেন, কালো তেল জমা থাকে ইঞ্জিনকক্ষে। সেটা কাটার সময় অসতর্কতায় সাগরে তেল ছড়িয়ে পড়তে পারে। তবে তাঁদের কারখানার জাহাজটির ইঞ্জিনকক্ষ কাটা হয়নি।

ও ডব্লিউ ডব্লিউ কারখানার ব্যবস্থাপক হেলাল উদ্দিন বলেন, তাঁদের জাহাজটি এখনো ভালোমতো কাটা শুরু হয়নি। তেল ছাড়ার প্রশ্নই ওঠে না।

চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার (আজ) ঘটনাটি তদন্ত করে কালো তেলের উৎস খুঁজে বের করবেন। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।