বঙ্গোপসাগরে জাল ফেলতে গিয়ে অজ্ঞাত জেলেদের হাত-পা বাঁধা লাশ ভাসতে দেখে দক্ষিণ উপকূলের জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত হাজার হাজার জেলে মাছধরা বন্ধ রেখে ফিরে আসছেন।দুই দিন ধরে পাথরঘাটা থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের সোনারচর ও ঢালচর এলাকায় রশি দিয়ে বাঁধা ৯-১০টি লাশ ভাসতে দেখেছেন জেলেরা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাথরঘাটা অবতরণ কেন্দ্রের ঘাটে ফিরে আসা আতঙ্কিত জেলেরা গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় ট্রলার মালিক সমিতির নেতাদের কাছে এসব তথ্য জানান।বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের ঢালচর এলাকায় গত রোববার বিকেলে মাছ ধরতে গেলে এফবি তারেক নামের একটি মাছ ধরার ট্রলারের জেলেদের জালে তিনটি লাশ আটকা পরে। এ সময় ওই এলাকায় মাছ শিকারে যাওয়া এফবি জোছনা-১, এফবি জোসনা-২ ও আরও তিন-চারটি ট্রলারের জেলেরা আরও সাত-আটটি লাশ দেখতে পান। লাশগুলোর দুই হাত নাইলনের রশি দিয়ে পিঠমোড়া করে বাঁধা। অনেকের গায়ে শার্ট ও গেঞ্জি পরা এবং পায়ে ইট বাঁধা ছিল। এসব দৃশ্য দেখে আতঙ্কিত জেলেরা জাল তুলে পাথরঘাটায় ফিরতে শুরু করেন। সাগরের অন্যান্য এলাকায়ও এই খবর ছড়িয়ে পড়লে বরগুনাসহ দক্ষিণ উপকূলের হাজার হাজার জেলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত এসব জেলে সাগরে মাছ ধরা বন্ধ রেখে গতকাল পাথরঘাটাসহ বিভিন্ন এলাকায় ফিরে আসেন।এফবি জোছনা-২ নামের মাছধরার ট্রলারের মাঝি আবদুস সালাম গতকাল প্রথম আলোকে বলেন, রোববার বিকেলে তাঁরা পাথরঘাটা থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে জাল ফেলে বিশ্রাম নেওয়ার সময় ছয়-সাতটি লাশ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। লাশগুলোর সবই পিঠমোড়া করে বাধা অবস্থায় সাগরে ভাসছিল। পরে তাঁরা দ্রুত জাল তুলে তীরে ফিরে আসেন।জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে লাশ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে জেলেরা তীরে ফিরছেন। তাঁর ধারণা, মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে জলদস্যুরা জেলেদের হাত-পা বেঁধে সাগরে ফেলে দিয়েছে।কোস্টগার্ড পাথরঘাটা কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ গতকাল মুঠোফোনে জানান, তাঁরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছেন। বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।এদিকে ৬ ডিসেম্বর পাথরঘাটার চরদুয়ানি এলাকার বলেশ্বর নদের তীর থেকে দুই হাত রশি দিয়ে পিঠমোড়া অবস্থায় বাঁধা এবং পায়ের সঙ্গে ইট বাঁধা অজ্ঞাতপরিচয়ের একটি লাশ উদ্ধার করে পাথরঘাটা পুলিশ।