সাগরে ভাসছে লাশ তীরে আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়াসংলগ্ন বঙ্গোপসাগরের গাঙ্গের আইন এলাকায় তিনটি লাশ সাগরে ভাসছে। স্থানীয় জেলেরা দুই দিন ধরে ওই এলাকায় হাত-পা বাঁধা লাশ তিনটি দেখছেন বলে জানান।
প্রত্যক্ষদর্শী এফবি আল মদিনা ট্রলারের জেলে আবদুল লতিফ ও নিজাম হাওলাদারের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ১৩ জানুয়ারি বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জলদস্যুদের হামলার শিকার হয়ে এফবি তানজিলা ট্রলারের আটজন জেলে নিখোঁজ হন। নিখোঁজ জেলেদের কয়েকজনের সঙ্গে সাগরে ভাসতে দেখা জেলেদের মিল রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই লাশগুলো নিখোঁজ জেলেদের।
এদিকে লাশ ভাসতে দেখার খবর পেয়ে আহাজারি করছেন নিখোঁজ জেলেদের স্বজনেরা। তাঁরা এবং এলাকার কয়েকজন অভিযোগ করেন, লাশ দেখতে পাওয়ার খবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালেও তারা উদ্ধারের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এফবি তানজিলা ট্রলারের মালিক নূরুল আলম বলেন, পাথরঘাটা থেকে নয়জন জেলে তাঁর ট্রলারটি নিয়ে ১২ জানুয়ারি সাগরে মাছ ধরতে যান। পরের দিন থেকে ট্রলার এবং জেলেদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জানা গেছে ১২ থেকে ১৫ জন জলদস্যুর একটি দল ট্রলারটি লুট করে নিয়ে যায়। এ সময় তাঁরা নয়জন জেলেকে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। তাঁদের মধ্যে হাবিবুর রহমান নামের এক জেলেকে সাগর থেকে মাছ ধরা একটি জাহাজের শ্রমিকেরা উদ্ধার করেন। বাকি আটজন জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ১৬ জানুয়ারি পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ট্রলার মালিক সূত্রে জানা গেছে, নিখোঁজ জেলেরা হলেন শুক্কুর আলী, নজরুল ইসলাম, আবদুস ছাত্তার, লিটন মিয়া, মো. মাসুম হোসেন, কালু মিয়া, সিরাজ উদ্দিন ও জামাল হোসেন। এঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি, কাঁঠালতলী ও কাঁকচিড়া ইউনিয়নে।
নিখোঁজ মাসুমের চাচি নাজমা বেগম বলেন, মাসুমের খোঁজে তাঁর পরিবারের সদস্যরা কয়েক দিন ধরে ছোটাছুটি করছেন। তাঁর স্ত্রী-সন্তানেরা মুখে খাবার তুলছেন না। মেয়ে মারিয়া আক্তার (৫) ও ছেলে হাসিব হোসেন (২) বাবা মাসুম হোসেনের পথ চেয়ে আছে। বাবা-মা, স্ত্রী-সন্তানসহ ছয় সদস্যের এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মাসুম। সাগরে হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পাওয়ার খবরে ওই পরিবারে চলছে আর্তনাদ। জানা গেছে, নিখোঁজ হওয়া বাকি সাত জেলের পরিবারেও একই রকম অবস্থা। কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহ জালাল বলেন, নিখোঁজ জেলেদের স্বজন এবং সাগরে লাশ ভাসতে দেখা ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করলেও লাশ উদ্ধারে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।
অভিযোগ অস্বীকার করে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, নিখোঁজ জেলে ও ট্রলারের সন্ধান চেয়ে দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করবে পুলিশ। লাশ ভাসতে দেখার বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। কোস্টগার্ড পাথরঘাটার স্টেশন কমান্ডার শহীদ আল হাসান বলেন, ‘সাগরের এই ঘটনা আমাদের কর্মপরিধিতে পড়ে না। তবে পুলিশ চাইলে আমরা এ ব্যাপারে সহযোগিতা করতে পারি।’