দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাগরে ভাসমান রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীদের জন্য সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। অসহায় এসব অভিবাসীকে ফেরত না পাঠিয়ে নিজেদের উপকূলে ভিড়তে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটির উদ্বাস্তুবিষয়ক এবং মানবাধিকারবিষয়ক হাইকমিশনও। আর সমস্যার ‘আঞ্চলিক সমাধান’-এর ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি ও এপির।
গতকাল শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, ‘মহাসচিব আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে সৃষ্ট সংকট নিয়ে উদ্বিগ্ন। এসব এলাকায় পাচারকারীদের নৌযানগুলোতে কয়েক হাজার লোক ভাসমান অবস্থায় আছে বলে মনে করা হচ্ছে। আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের বহনকারী নৌযানগুলোকে ভিড়তে দেওয়া না-ও হতে পারে, এমন খবরে তিনি শঙ্কিত।’
বিবৃতিতে বান কি মুন এই অঞ্চলের সরকারগুলোকে সাগরে উদ্ধার তৎপরতা চালানো এবং অভিবাসীদের জোর করে স্বদেশে ফেরত পাঠানো (রিফাউলমেন্ট) বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ মহাসচিব ‘সময়মতো নৌযানগুলো উপকূলে ভিড়তে দেওয়া এবং সীমান্ত ও বন্দরগুলো খোলা রাখার মাধ্যমে অসহায় মানুষগুলোকে সহায়তা’ করতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে বলেছে, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া অভিবাসীদের বহনকারী নৌযানগুলো ফেরত পাঠাতে পারে, এমন খবরে তারা উদ্বিগ্ন। সংস্থাটি জানিয়েছে, তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে অভিবাসী ইস্যুটিকে একটি আঞ্চলিক সমস্যা হিসেবে দেখতে বলেছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রাদ আল হুসেইন গতকাল জেনেভা থেকে একটি বিবৃতি দিয়েছেন। এতে বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ক্ষুধার্ত অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে, এমন খবরে তিনি ‘হতবাক’। মানব পাচারসংশ্লিষ্ট এই সংকটকে আরও শোচনীয় না করতে দেশ তিনটির প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
এদিকে অসহায় অভিবাসীদের সাহায্য করতে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও মার্কিন কংগ্রেস সদস্যদের চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে ওয়াশিংটন এসব অভিবাসীর জীবন রক্ষায় সমন্বিতভাবে কাজ করতে আঞ্চলিক দেশগুলোর প্রতি জোরালোভাবে আহ্বান জানাতে শুরু করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেফ রাথকে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, এই অভিবাসী সমস্যা একটা আঞ্চলিক সমস্যা। তাই এর একটি আঞ্চলিক সমাধানই দরকার। দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। লোকজনের জীবন রক্ষায় একসঙ্গে কাজ করতে আমরা আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। এটা একটা জরুরি আঞ্চলিক চ্যালেঞ্জ, যাকে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে আঞ্চলিকভাবেই মোকাবিলা করতে হবে। এমন সমাধান হতে হবে আন্তর্জাতিক চুক্তিগুলো ও সমুদ্রসীমা-সংক্রান্ত আইনের নিরিখে।’
থাইল্যান্ডে সরকার অভিবাসী সংকট নিয়ে যে আঞ্চলিক সম্মেলন আহ্বান করেছে, তাকে সাধুবাদ জানান মুখপাত্র জেফ। তিনি বলেন, ‘থাই সরকার এ বিষয়ে একটি আঞ্চলিক সম্মেলনের যে উদ্যোগ নিয়েছে, আমরা তার প্রশংসা করি। আগামী ২৯ মে এ সম্মেলন হতে পারে। কিন্তু, এ মুহূর্তে আমাদের অগ্রাধিকার জীবন রক্ষার ওপরে।’