সাগরে ভাসমান লাশগুলো উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের সোনারচর ও ঢালচর এলাকায় ভাসতে থাকা লাশগুলো গতকাল বুধবারও উদ্ধার বা পরিচয় শনাক্ত করা যায়নি। পাথরঘাটার জেলে ও ট্রলার মালিক সমিতির নেতাদের ধারণা, গত শনিবার তিনটি ট্রলারসহ বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হাতে অপহূত জেলেদের হত্যা করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। লাশ ভাসতে দেখার খবর শুনে গতকাল অপহূত ২২ জেলের পরিবারের সদস্যরা দিনভর পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ও ট্রলার মালিক সমিতির নেতাদের কাছে ধরনা দিয়েছেন। এ সময় অপহূত জেলেদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। শনিবার সকালে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু আব্বাস বাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরের পক্ষিদিয়াচর এলাকা থেকে তিনটি ট্রলারসহ পাথরঘাটার ২২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে যায়। এসব জেলের জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে দস্যুরা। অন্যথায় তাঁদের হত্যার হুমকি দেয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তাঁরা বলেন, তাঁদের ধারণা, জেলে ও জলদস্যুদের মধ্যে সংঘটিত সংঘর্ষে নিহত ব্যক্তিদের লাশ হতে পারে এগুলো। কোস্টগার্ড পাথরঘাটা কন্টিনজেন্টের কমান্ডার লে. হারুন-অর-রশিদ জানান, জেলেদের সঙ্গে তাঁরা কথা বলেছেন। তাঁদের দেওয়া তথ্যানুসারে গতকাল সকাল থেকে লাশগুলো উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে দুপুর পর্যন্ত কোনো লাশের সন্ধান মেলেনি। বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি জানান, শনিবার সকাল নয়টার দিকে বঙ্গোপসাগরের পক্ষিদিয়াচর এলাকায় মাছ ধরার সময় জলদস্যু আব্বাস বাহিনীর ৪০-৫০ জনের সশস্ত্র একটি দল আকস্মিক জেলেবহরে হামলা চালায়। তাঁর ধারণা, মুক্তিপণের অর্থ আদায়ে ব্যর্থ হয়ে দস্যুরা জেলেদের হাত-পা বেঁধে সাগরে ফেলে দিয়েছে। এদিকে পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে লাশ ভাসতে থাকার খবর শুনে পাথরঘাটার অপহূত জেলেদের পরিবারের সদস্যরা পাথরঘাটা ট্রলার মালিক ও জেলে সমিতিতে ভিড় জমান। পাথরঘাটার বড় টেংরা গ্রামের অপহূত জেলে নূর হোসেনের ভাই ইব্রাহীম জানান, শনিবার রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে দস্যুরা তাঁর ভাইসহ কয়েকজন জেলেকে অপহরণ করে। এখন পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি।