সাগরে ভাসমানদের বেশির ভাগই রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে ভাসমান অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই রোহিঙ্গা মুসলমান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল বুধবার এক প্রতিবেদনে এ কথা বলেছে। উদ্ধার হওয়া রোহিঙ্গা ও সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ কথা উল্লেখ করেছে নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে অধিকার না পেয়ে রোহিঙ্গা মুসলমানেরা অভিবাসনপ্রত্যাশী হিসেবে বিপজ্জনক সমুদ্রযাত্রায় শামিল হচ্ছেন। আগামীকাল থাইল্যান্ডে অনুষ্ঠেয় আঞ্চলিক বৈঠকে চলমান মানব পাচার পরিস্থিতির অবশ্যই একটি সমাধান খুঁজে পেতে হবে। সংস্থাটি বাংলাদেশ ও মিয়ানমার থেকে অভিবাসনপ্রত্যাশী মানুষদের বিপজ্জনক সমুদ্রযাত্রাকে বিবেকবর্জিত পাচারকারীদের ভয়ংকর কাজ বলে আখ্যা দিয়েছে।
প্রতিবেদনে এইচআরডব্লিউর এশিয়ার পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, বিপজ্জনক সমুদ্রযাত্রার পর উদ্ধার হওয়া রোহিঙ্গারা তাঁদের দুঃসহ যন্ত্রণার কথা তুলে ধরেন। কীভাবে মিয়ানমার থেকে পালিয়ে গিয়ে পাচারকারী ও চাঁদাবাজদের কবলে পড়েন, তারও বর্ণনা দেন। তাঁদের অনেকেই চোখের সামনে সহযাত্রীদের মারা যেতে দেখেছেন। অ্যাডামস বলেন, সরকারি কর্মকর্তা ও অন্যদের সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা নৃশংস এই নেটওয়ার্কে জড়িত ব্যক্তিদের সহযোগিতা করেছে।
ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের হয়রানি বন্ধ করা। আর থাইল্যান্ড ও মালয়েশিয়ার উচিত জরুরি ভিত্তিতে সেই শিবিরগুলো বন্ধ করা, যেখানে অভিবাসনপ্রত্যাশীদের চূড়ান্ত নির্যাতন করা হয়। থাইল্যান্ড ও মালয়েশিয়াকে এটাও নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে তাদের মাটিতে পাচারের শিকার মানুষদের আর কোনো গণকবর সৃষ্টি না হয়।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের রোহিঙ্গাদের অবস্থা ভয়াবহ। সেখানে তাদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাধীনভাবে চলাচল কিংবা নিজের ধর্ম পালনের সুযোগ নেই বললেই চলে। এ কারণেই মূলত জীবনের ঝুঁকি নিয়েই সমুদ্রপথে পা বাড়ায় তারা। কেউ কেউ ভয়াবহ ওই পরিস্থিতি থেকে স্বেচ্ছায় পালিয়ে জীবনের ঝুঁকি নেয়, কেউ আবার প্রতারণার শিকার হয়ে কিংবা প্রলোভনের ফাঁদে পড়ে নৌযানে পা রাখে। আবার কখনো বা তাদের জোর করে তুলে দেওয়া হয় মানব পাচারকারীদের হাতে।
প্রতিবেদনে পাচারের শিকার হওয়া বেশ কয়েকজন রোহিঙ্গার কথা তুলে ধরেছে এইচআরডব্লিউ। ১৬ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরী বলে, ‘ছয়জন রাখাইন পুরুষ হাতে ছুরি ও বন্দুক নিয়ে এসে আমাকে ধরে নিয়ে জোর করে একটি ছোট্ট নৌকায় তুলে দেয়। শুধু বলে, আমাকে মিয়ানমার-ছাড়া করা হচ্ছে। ওই নৌকায় আরও ১৫ জন রোহিঙ্গা ছিল। সবাইকেই আমার মতো জোর করে তোলা হয়েছে।’ আরেক রোহিঙ্গা বালিকা বলে, ‘যখন আমাকে জোর করে নৌকায় তোলা হলো...আমি বোঝাতে পারব না কী মনে হয়েছিল। নৌকায় ছোট একটি কক্ষে আমাদের ১৬ জনকে রাখা হয়েছিল। কক্ষের দরজা সব সময় তালাবদ্ধ ছিল। ছোট্ট একটি প্রকোষ্ঠ দিয়ে আমাদের খাবার ও পানি দেওয়া হতো। পাচারকারীদের কখনোই দেখিনি আমরা।’
ব্র্যাড অ্যাডামস বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে এ বিষয়ে একমত হওয়া প্রয়োজন যে অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের আর কোনো নৌযান গভীর সাগরে ঠেলে দেওয়া হবে না। তাঁদের নিরাপদে তীরে নামিয়ে নেওয়া হবে ও অধিকারের প্রতি সম্মান দেখানো হবে। অ্যাডামস আরও বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করা না হলে এবং অন্য দেশগুলো মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ পরিস্থিতির দীর্ঘমেয়াদি কোনো সমাধান আসবে না।
সূত্র: এইচআরডব্লিউর ওয়েবসাইট।